×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের সূচনা শেয়ারবাজারে

২০২৬ জুন ২১ ১৪:৪০:৪৬
নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের সূচনা শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস আজ (২১ জুন) দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের পতনের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর হ্রাস পেয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, বর্তমান সরকারের সময়ে শেয়ারবাজার আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে বাজার আরও উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাদের ভাষ্য, সপ্তাহের শুরুতে বাজারে কিছুটা নেতিবাচক প্রবণতা থাকলেও বিনিয়োগকারীদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে না। কারণ, স্থিতিশীল বাজারে এ ধরনের ওঠানামা স্বাভাবিক ঘটনা।

তাদের মতে, বর্তমানে সূচক যতটা কমে, পরবর্তী সময়ে তার চেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা আরও জোরদার করছে। এছাড়া আগের তুলনায় বিনিয়োগকারীরা এখন বেশি সচেতন ও আত্মবিশ্বাসী হওয়ায় সূচক কমলেও তারা শেয়ার বিক্রির চাপ তৈরি করছেন না, যা সামগ্রিকভাবে বাজারের জন্য ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৩৯ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৮ দশমিক ৬৫ পয়েন্টে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএসই-৩০ এদিন ২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ দশমিক ৫৩ পয়েন্টে উন্নীত হয়েছে।

ডিএসইতে এদিন মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ২৯৮টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকেও নিম্নমুখী ধারা লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৯৪ কোটি ৭৮ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও একই ধরনের চিত্র দেখা গেছে। এদিন সিএসইতে ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৪ কোটি ৩৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৬টির দর কমেছে এবং ২১টির দরে কোনো পরিবর্তন হয়নি।

সূচকের দিক থেকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ দশমিক ৩০ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬৬ দশমিক ৩৭ পয়েন্টে নেমে এসেছে। এর আগের কার্যদিবসে সূচকটি ১১৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছিল।

সব মিলিয়ে, সপ্তাহের শুরুতে দেশের উভয় শেয়ারবাজারে সূচক, লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরে পতন দেখা গেলেও বাজারসংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ বজায় থাকায় বাজারে স্থিতিশীলতা অব্যাহত রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে