ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ

২০২৬ জুন ১৮ ১৪:৪০:৪৮
সূচকের শক্তিশালী প্রত্যাবর্তনে ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক : এক কার্যদিবসের দর সংশোধনের পর গতকাল থেকে আবারও ইতিবাচক ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। বৃহস্পতিবার (১৮ জুন) সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের উত্থান হয়েছে। তবে সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজার আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে। সূচক, লেনদেন এবং বাজার মূলধনের ধারাবাহিক উন্নতির কারণে নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। এর ফলে দীর্ঘ সময়ের ঊর্ধ্বগতির পর বাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা যাচ্ছে। সূচক সাময়িকভাবে কমলেও পরবর্তীতে তার চেয়ে বেশি হারে বাড়ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে পূর্বের মতো উদ্বেগ বা আতঙ্ক নেই; বরং আস্থা ক্রমেই শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে অনেক ভালো মৌলভিত্তির শেয়ার এখনো বিনিয়োগের জন্য আকর্ষণীয় পর্যায়ে রয়েছে, যা ভবিষ্যতে বিনিয়োগকারীদের আরও বেশি মুনাফার সুযোগ সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে বাজার বর্তমানে অনেকটাই স্বাভাবিক ও গতিশীল রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬১ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ দশমিক ৪ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ বেড়েছে ৩০ দশমিক ০৭ পয়েন্ট এবং দিনশেষে এর অবস্থান দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ দশমিক ১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬টির শেয়ার ও ইউনিটদর বৃদ্ধি পেয়েছে, ১৮৫টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের হিসাবে ডিএসইতে দিনভর প্রায় ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন সিএসইতে মোট ৮৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি ৯১ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে, ১০৪টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৬৬ দশমিক ৩৭ পয়েন্টে উন্নীত হয়েছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে সূচকটি ২২ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে