ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের

২০২৬ জুন ০৪ ১৯:২৪:২৬
কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে কারসাজি, অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, বাজারের শৃঙ্খলা, স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা কারসাজি বা অনিয়মের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নবনিযুক্ত তিন কমিশনার, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাসুদ খান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সুশাসন, তথ্য প্রকাশ এবং মুনাফা দেশে ফিরিয়ে নেওয়ার (রিপ্যাট্রিয়েশন) বিষয়ে কিছু উদ্বেগ রয়েছে। কমিশন এসব বিষয়কে গুরুত্ব দিয়ে দেখবে এবং ধাপে ধাপে কার্যকর সমাধানের উদ্যোগ গ্রহণ করবে।

তিনি জানান, শেয়ারবাজারে তথ্য প্রকাশের মান আরও উন্নত করা হবে, ডিজিটালাইজেশন বাড়ানো হবে এবং সামগ্রিক স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথাও জানান তিনি।

বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানি, পেশাজীবী সংগঠন এবং নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসুদ খান বলেন, ‘আমরা সবার মতামত শুনতে চাই। গঠনমূলক সমালোচনা ও পরামর্শের প্রতি আমরা উন্মুক্ত থাকব।’

দেশের শেয়ারবাজারের বর্তমান অবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতীয় অর্থনীতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করলেও সেই তুলনায় পুঁজিবাজারের বিকাশ ঘটেনি।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো খুচরা বিনিয়োগকারীনির্ভর ফ্রন্টিয়ার মার্কেট থেকে দেশের পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীনির্ভর একটি উদীয়মান বাজারে রূপান্তর করা।’

মিউচুয়াল ফান্ড খাতকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখনও অনেক ভালো ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি। একটি কার্যকর ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়ে তুলতে মানসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, কোনো প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ ও মূলধনের পরিমাণ নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সেই প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

নবনিযুক্ত কমিশনার নাফিজ-আল-তারিক বলেন, তারা এমন সময়ে দায়িত্ব নিয়েছেন যখন পুঁজিবাজারে আস্থার সংকট বিদ্যমান। একটি সমন্বিত টিম হিসেবে কাজ করে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।

আরেক কমিশনার তানভীর হাবিব রহমান বাজারের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

কমিশনার নাহিদ মাহতাব বলেন, বিদ্যমান আইন ও বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের পুঁজিবাজারের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজারের প্রতিটি খাতে উন্নয়নের সুযোগ রয়েছে। তাদের লক্ষ্য শুধু বাজারকে স্থিতিশীল করা নয়, বরং এটিকে একটি আঞ্চলিক শক্তিশালী বাজারে পরিণত করা।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের মধ্যে আর্থিক জ্ঞান বা ফিন্যান্সিয়াল লিটারেসি বৃদ্ধির প্রয়োজন রয়েছে। অনেক উদ্যোক্তা নিজেদের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সম্পর্কেও পর্যাপ্ত ধারণা রাখেন না।

একই সঙ্গে বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, শেয়ারবাজার কোনো সঞ্চয় হিসাব নয়। এখানে ঝুঁকি রয়েছে এবং বিনিয়োগের ক্ষেত্রে সেই ঝুঁকির দায়িত্বও বিনিয়োগকারীদেরই নিতে হবে।

সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে তানভীর গনি বলেন, তাদেরকে সর্বোত্তম ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার এবং প্রয়োজন হলে সর্বোচ্চ পারিশ্রমিক প্রদানের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, দীর্ঘদিন ধরে দেশের শেয়ারবাজার বিভিন্ন সমস্যায় আক্রান্ত। দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা ব্যাংকিং খাতের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করেছে। একইসঙ্গে জনগণের সঞ্চয়ের একটি বড় অংশ উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহৃত হচ্ছে না।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্বের অধীনে বিএসইসি দেশের শেয়ারবাজারে নতুন গতি সঞ্চার করবে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে