ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

২০২৬ মে ১৪ ১৮:৫৫:১৮
১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ১০টি বিশ্ববিদ্যালয়ে শর্তসাপেক্ষে এসব নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই জারি হতে পারে।

নিয়োগের শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে উপাচার্যদের নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে, ততদিন তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে পরিচিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য করা হয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। অন্যদিকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনের মুখে পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ধাপে ধাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনে জবাবদিহিতা ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে ধারাবাহিকভাবে পরিবর্তন আনছে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় আরও পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে। সূত্র জানিয়েছে, অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের চিন্তা করছে সরকার।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে