ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

মোনামিকে ঘিরে নতুন বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

২০২৬ মে ১১ ১৫:২৪:৩৩
মোনামিকে ঘিরে নতুন বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির পদত্যাগের পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাসের রাজনৈতিক অঙ্গন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিদায়ী প্রক্টরিয়াল টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন, যেখানে তিনি পরোক্ষভাবে সহকারী প্রক্টর মোনামিকে “ফুল টাইম পেইড এজেন্ট” হিসেবে কাজ করার অভিযোগ তোলেন।

সোমবার ঢাবির সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের খবরও প্রকাশ্যে আসে।

এই পদত্যাগের পরই আব্দুল কাদের নিজের ফেসবুক পোস্টে বিদায়ী প্রক্টরিয়াল টিমের কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী অস্থির সময়ে প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করে সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, টিমের কিছু সদস্য পেশাদারিত্বের সীমা অতিক্রম করে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে সুবিধা দিয়েছেন।

কাদেরের ভাষায়, “তারা খুব বাজেভাবে পেশাদারিত্বের বাহিরে গিয়ে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় এজেন্ডা সার্ভ করতে গিয়ে মূল দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি, ফলে ক্যাম্পাস ভারসাম্যহীন ও বিশৃঙ্খল হয়েছে।”

সবচেয়ে আলোচিত অংশ ছিল তার সেই মন্তব্য, যেখানে তিনি নাম উল্লেখ না করেই বলেন, “কেউ কেউ তো পার্ট টাইম সহকারী প্রক্টর এবং ফুল টাইম উক্ত দলের পেইড এজেন্ট হিসেবে রোল প্লে করে গেছেন।” সামাজিক মাধ্যমে অনেকেই এই মন্তব্যকে শেহরীন আমিন মোনামির প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন।

এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একপক্ষ কাদেরের বক্তব্যকে “ক্যাম্পাস রাজনীতির বাস্তব চিত্র” বলে সমর্থন দিচ্ছেন, অন্যদিকে অনেকেই এটিকে ব্যক্তিগত আক্রমণ ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য বলে সমালোচনা করছেন।

শেহরীন আমিন মোনামি এর আগেও বিভিন্ন ঘটনায় আলোচনায় এসেছিলেন। গত বছর তার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনি সাইবার সুরক্ষা আইনে মামলা করেছিলেন। সেই ঘটনায় আদালত তদন্তের নির্দেশও দিয়েছিল।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, রাজনৈতিক বিতর্ক এবং হত্যার হুমকির ঘটনাও সামনে আসে। বিভিন্ন সময় তিনি নিজেও ফেসবুকে এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এদিকে নতুন প্রক্টরিয়াল টিমের কাছে ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন আব্দুল কাদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পদত্যাগ এবং পরবর্তী বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে