ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যা বললেন ফজলুর রহমান

২০২৬ মে ০৭ ১৯:৩০:৪৪
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যা বললেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি জেলার চলমান প্রাকৃতিক দুর্যোগ, কৃষকের দুর্ভোগ এবং অবকাঠামোগত সংকটের বিষয়গুলো তুলে ধরেন।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।সাক্ষাতের বিষয়ে ফজলুর রহমান জানান, তিনি কিশোরগঞ্জের সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেছেন।

তিনি বলেন, কালবৈশাখী ঝড়, অকাল বন্যা, শিলাবৃষ্টি, বজ্রপাত, নদীভাঙন, তীব্র তাপদাহ, বিদ্যুৎ বিভ্রাট, খরা ও পানির সংকটে জেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

এছাড়া ঝড়ের কারণে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ করে হাওরাঞ্চলে আগাম ঢলে বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে বলে জানান তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৯ হাজার ৪৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে এবং প্রায় ২১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ সময় ফজলুর রহমান ক্ষতিগ্রস্ত কৃষক ও দুর্যোগপীড়িত মানুষের দ্রুত পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে