ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

টিসিবির জন্য বড় তেল আমদানির অনুমোদন

২০২৬ মে ০৭ ১৯:১৮:৩২
টিসিবির জন্য বড় তেল আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে বিক্রির উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল কিনছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দরপত্রে দুটি প্রতিষ্ঠান অংশ নিলেও কারিগরি ও আর্থিক মূল্যায়নে একটি প্রতিষ্ঠানকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। পরে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির সুপারিশ অনুযায়ী ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান ‘পিটি ট্রিনিটি ছায়া এনার্জি’কে সরবরাহকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি লিটার সয়াবিন তেল ১ দশমিক ১৫১ মার্কিন ডলার দরে সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮২ কোটি ৫৭ লাখ টাকা।

টিসিবির হিসাব অনুযায়ী, পরিবহন ও অন্যান্য খরচসহ প্রতি লিটার সয়াবিন তেলের মোট ব্যয় পড়বে ১৭৮ টাকা ৫৬ পয়সা। যা স্থানীয় বাজারমূল্যের তুলনায় লিটারে প্রায় ১৬ টাকা ৪৪ পয়সা কম।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ইতোমধ্যে ১২ কোটির বেশি লিটার তেল কেনা সম্পন্ন হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে