ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ইসরায়েলের বিরুদ্ধে

একসঙ্গে সরব বাংলাদেশসহ ১৩ দেশ

২০২৬ মে ০৭ ১৬:০২:৩২
একসঙ্গে সরব বাংলাদেশসহ ১৩ দেশ

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি হামলা এবং মানবাধিকারকর্মীদের আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশসহ ১৩টি দেশ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, স্পেন ও দক্ষিণ আফ্রিকাসহ ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, তারা “সবচেয়ে কঠোর ভাষায়” ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানাচ্ছেন। দেশগুলোর মতে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ছিল একটি শান্তিপূর্ণ বেসামরিক মানবিক উদ্যোগ, যার উদ্দেশ্য ছিল গাজায় চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, গত ৩০ এপ্রিল গ্রিস উপকূলসংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলাটির ওপর হামলা এবং কর্মীদের আটক আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেন, আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তাকর্মীদের আটক করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের শামিল।

একই সঙ্গে এখনও যেসব কর্মী আটক রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—বাংলাদেশ, তুরস্ক, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও স্পেন।

দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন রক্ষা, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং এসব ঘটনার জবাবদিহি প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে