ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

১০৮ আসন পেয়েও শপথ নিতে পারলেন না থালাপতি বিজয়

২০২৬ মে ০৭ ১০:১৬:৩৩
১০৮ আসন পেয়েও শপথ নিতে পারলেন না থালাপতি বিজয়

নিজস্ব প্রতিবেদক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। তবে বৃহস্পতিবার (৭ মে) মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ হচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিয়ে এখনো নিশ্চিত নন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। এ কারণেই শপথ অনুষ্ঠানে বিলম্ব হচ্ছে।

নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। কংগ্রেসের পাঁচজন বিধায়ক টিভিকে-কে সমর্থনের ঘোষণা দিলেও এখনো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়নি।

এরই মধ্যে রাজ্যপাল বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন। বুধবার বিজয়ের সঙ্গে বৈঠকের পর তিনি কেরালা সফরে যান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিভিকে সরকার গঠনের দাবি জানালেও রাজ্যপাল সমর্থনের বিষয়টি যাচাই করতে আরও সময় নিতে চান।এদিকে, টিভিকে সাধারণ সম্পাদক আধভ অর্জুন আইনি দল নিয়ে রাজ্যপালের সঙ্গে পুনরায় বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

নির্বাচনের ফলাফলে তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এআইএডিএমকে ৪৭টি আসন। কোলাথুর আসনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এম কে স্টালিন।

তামিলনাড়ু কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদানকর বলেছেন, বিজেপিকে ঠেকাতে তারা একটি ধর্মনিরপেক্ষ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত। তবে কংগ্রেসের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ডিএমকে। দলটির মুখপাত্র সারাভানান আনাতুরাই অভিযোগ করেন, মন্ত্রিসভায় পদের আশায় কংগ্রেস জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এ ঘটনাকে ‘ইন্ডিয়া’ জোটের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, এআইএডিএমকে-র সমর্থন পেলে বিজয়ের সরকার গঠন সহজ হতে পারে। দলটির কয়েকজন বিধায়ক টিভিকের সঙ্গে জোটে আগ্রহী বলেও গুঞ্জন রয়েছে। তবে বাম দল ও ভিসিকে (VCK) এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। ফলে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা আরও কয়েকদিন থাকতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে