ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট

২০২৬ মে ০৩ ১৫:৩৫:৫৩
কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনের ব্যাংকিং অ্যাপকে লক্ষ্য করে নতুন কৌশলে হামলা চালাচ্ছে হ্যাকাররা। একটি ফ্রি অ্যাপ ডাউনলোড করার পর এসএমএস আসা এবং হঠাৎ ফোনের স্ক্রিন ব্ল্যাক হয়ে যাওয়ার মাধ্যমে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হচ্ছে। এরপর কয়েক মিনিটের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে।

গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট সূত্রে জানা গেছে, গত এক মাসেই এ ধরনের অন্তত ৩০টি অভিযোগ জমা পড়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে ‘এনবি’ নামের একটি অ্যাপ ডাউনলোড করার পরই বিপদে পড়েন তারা। অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে ফোন হ্যাং হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে স্ক্রিন সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যায়। তখন ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে।

একজন ভুক্তভোগী পিংকি জানান, অ্যাপ ইনস্টলের পর তার ফোন বারবার রিস্টার্ট হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে কয়েক লাখ টাকা তুলে নেওয়া হয়।

একইভাবে প্রতারণার শিকার হন বেসরকারি চাকরিজীবী সৌম্য কান্তি দাশ। তিনি বলেন, ব্যাংকিং অ্যাপে প্রবেশের চেষ্টা করলে ‘সিস্টেম আপডেটিং’ লেখা দেখিয়ে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। এরপর একের পর এক ওটিপি ও টাকা ট্রান্সফারের বার্তা আসতে থাকে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিট জানায়, হ্যাকাররা ম্যালওয়্যার ব্যবহার করে ফোনের রিমোট নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং ব্যবহারকারীর মতো করেই ব্যাংক লেনদেন সম্পন্ন করছে। প্রতারণার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করে পরে তা অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। কিছু ক্ষেত্রে দেশের বাইর থেকেও এই চক্র পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ডিএমপির সাইবার ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার বলেন, প্রতিদিনই মানুষ এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, শুধুমাত্র অফিসিয়াল Google Play Store বা Apple App Store ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। বিশেষ করে যেসব ডিভাইসে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করা হয়, সেখানে অজানা বা ফ্রি অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে।

এছাড়া অপরিচিত লিংক বা লোভনীয় অফারে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন তারা। ভুলবশত এমন কিছু করলে দ্রুত ইন্টারনেট সংযোগ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে