ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লুৎফুজ্জামান বাবর-এর বক্তব্যকে ঘিরে সংসদে বিভ্রান্তি

২০২৬ এপ্রিল ২৮ ১০:৩৪:০৮
লুৎফুজ্জামান বাবর-এর বক্তব্যকে ঘিরে সংসদে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে বক্তব্যের তালিকা ঘিরে স্পিকার ও চিফ হুইপের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় সংসদ সদস্যদের উপস্থিতি ও সমন্বয় নিয়েও প্রশ্ন ওঠে।

ঘটনার শুরুতে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে বক্তব্য দিতে গেলে স্পিকার তাকে ১০ মিনিট সময় দেন। তবে বাবর জানান, তিনি এদিন বক্তব্য দেওয়ার জন্য সময় চাননি।

এতে স্পিকার বিস্ময় প্রকাশ করে বলেন, চিফ হুইপের দেওয়া তালিকায় বাবরের নাম রয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, “চিফ হুইপ, এই যে তালিকা দেন, কিন্তু বক্তা তো পাওয়া যায় না,” এবং বিষয়টিকে অপেশাদারিত্ব হিসেবে আখ্যা দেন।

এর জবাবে বিরোধী দলের চিফ হুইপ দাবি করেন, বাবরের সঙ্গে কথা বলেই তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় অনেক সদস্য বক্তব্য দিতে আগ্রহী হচ্ছেন না। প্রধানমন্ত্রীকে তিনি সংসদের ‘প্রাণ’ বলেও উল্লেখ করেন।

এ সময় স্পিকার মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টিও তুলে ধরেন। তিনি লক্ষ্য করেন, সামনের সারিতে মাত্র তিনজন মন্ত্রী উপস্থিত রয়েছেন। সংসদ সদস্যদের বিভিন্ন স্থানীয় সমস্যা ও প্রস্তাব শোনার জন্য মন্ত্রীদের নিয়মিত উপস্থিতি জরুরি বলে তিনি মন্তব্য করেন এবং চিফ হুইপকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পরে আবার দাঁড়িয়ে লুৎফুজ্জামান বাবর স্পষ্টভাবে বলেন, এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং চিফ হুইপের বক্তব্য সঠিক নয়।

পরিস্থিতি শান্ত করতে স্পিকার বাবরকে পরে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে বসতে বলেন। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, সংসদের মূল দায়িত্ব হলো অধিবেশনে উপস্থিত থাকা এবং আলোচনায় অংশ নেওয়া।

ঘটনাটি সংসদে সময় ব্যবস্থাপনা ও সদস্যদের মধ্যে সমন্বয়ের ঘাটতির বিষয়টি সামনে নিয়ে এসেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে