ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিরোধীদলের প্রস্তাবে সাড়া: বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

২০২৬ এপ্রিল ২৩ ১৯:০৩:১৭
বিরোধীদলের প্রস্তাবে সাড়া: বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: চলমান বৈশ্বিক সংকট ও জ্বালানি সমস্যার প্রেক্ষাপটে বিরোধীদলের আহ্বানে সাড়া দিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি ১০ সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান। প্রস্তাব অনুযায়ী, কমিটিতে ৫ জন সরকারি দল ও ৫ জন বিরোধীদলের প্রতিনিধি থাকবেন।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা এবং এ সংকট মোকাবিলায় রাজনৈতিক বিভেদ না রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এ বিষয়ে যৌথভাবে কাজ করার প্রস্তাব আসায় সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর পক্ষ থেকে জনগণের স্বার্থে যেকোনো গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।

সরকারি দলের পক্ষ থেকে কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন—বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কমিটির একজন সভাপতি নির্বাচনের পরামর্শ দিলে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিরোধীদলকে তাদের ৫ সদস্যের নাম জমা দেওয়ার আহ্বান জানান।

এদিকে, কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে সংসদকে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা প্রয়োজন। তিনি শিগগিরই তাদের পক্ষ থেকে সদস্যদের নাম জমা দেওয়ার আশ্বাস দেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে