ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

২০২৬ এপ্রিল ২৩ ১৩:৪৬:০৬
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির পলাতক কমান্ড্যান্ট (ডিআইজি) মহা. আশরাফুজ্জামান, এন্টি টেররিজম ইউনিটে (ঢাকায় সংযুক্ত) কর্মরত ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ এবং এন্টি টেররিজম ইউনিটে (ঢাকায় সংযুক্ত) ডিআইজি মো. মনিরুল ইসলাম।

এছাড়া বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মো. মুনিবুর রহমান, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ও বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি শামীমা বেগমও অবসরে পাঠানো হয়েছেন।

অন্যদের মধ্যে রয়েছেন শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক (ঢাকা), পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) ডিআইজি সালমা বেগম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে