ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যুদ্ধ উত্তেজনার দোলাচলে শেয়ারবাজার

২০২৬ এপ্রিল ১৯ ১৪:২৭:১৩
যুদ্ধ উত্তেজনার দোলাচলে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির অস্থিরতার প্রভাব কাটিয়ে উঠতে পারছে না দেশের শেয়ারবাজার। রোববার (১৯ এপ্রিল) সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও টাকার অংকে লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে শেয়ারবাজারে স্থিতিশীলতা থাকার সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। যুদ্ধবিরতির খবর আসলেই সূচকে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, আবার সেই সিদ্ধান্ত থেকে সরে গেলে বাজার নিম্নমুখী হচ্ছে। তারা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি না থাকলে বাজার আরও চাঙ্গা থাকতো। তবে বড় ধরনের ধসের আশঙ্কা নেই বলে বিনিয়োগকারীদের সতর্ক থেকে লেনদেন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৭ দশমিক ৫৩ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে ডিএসইএস সূচক ৪ দশমিক ২২ পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ দশমিক ২১ পয়েন্টে। তবে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ সামান্য ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৪০৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৫টির শেয়ারদর বেড়েছে, ২২৩টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকে দেখা যায়, ডিএসইতে মোট প্রায় ৮১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের ৮০৬ কোটি ১৫ লাখ টাকার তুলনায় প্রায় ১৩ কোটি ৫ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৩১ কোটি ৪২ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে, ১০৭টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৫৯ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে, যেখানে আগের দিন সূচকটি ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে