ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পুঁজি বাড়াতে রাইট শেয়ার ইস্যু করছে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ

২০২৬ এপ্রিল ১৮ ২৩:৩৭:৪৪
পুঁজি বাড়াতে রাইট শেয়ার ইস্যু করছে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের সহযোগী প্রতিষ্ঠান 'উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড'-এর আর্থিক ভিত্তি মজবুত করতে ১৯২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি। মূলত রাইট শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে এই বিশাল অংকের মূলধন জোগান দেবে ব্যাংকটি।

সহযোগী প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিধি বিস্তার এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ তুলনামূলক কম মূলধন এবং আর্থিক লোকসানের মধ্য দিয়ে সময় পার করছে। এমন পরিস্থিতিতে মূলধন বাড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করার পরিকল্পনা করা হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) জানানো হয়েছে, সম্প্রতি সহযোগী প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডাররা যে রাইট শেয়ার অফার অনুমোদন করেছেন, সেখানে সাবস্ক্রাইব করার মাধ্যমেই এই বিনিয়োগ করা হবে।

গত ১৬ এপ্রিল উত্তরা ব্যাংক সিকিউরিটিজের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই রাইট শেয়ার ইস্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। অনুমোদিত শর্তানুযায়ী, ব্রোকারেজ হাউজটি তাদের বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে ৪টি করে রাইট শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) এসব শেয়ারের মাধ্যমে বাজার থেকে মোট ২০০ কোটি টাকা পরিশোধিত মূলধন সংগ্রহ করা হবে।

মূলধনের এই বিশাল জোগান প্রতিষ্ঠানটির বর্তমান শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী বণ্টন করা হয়েছে। মোট ২০০ কোটি টাকার মধ্যে উত্তরা ব্যাংক একাই ১৯২ কোটি টাকা জোগান দেবে। অবশিষ্ট ৮ কোটি টাকা দেবেন কোম্পানিটির অন্যান্য ছয়জন ব্যক্তিগত বিনিয়োগকারী, যারা বর্তমানে ক্ষুদ্র অংশীদার হিসেবে রয়েছেন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজিএম-এর অনুমোদনের তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে সাবস্ক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে