ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য

২০২৬ এপ্রিল ১৭ ১০:২৫:১৭
ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পালাবদলের মাঝেই সামনে এসেছে অপ্রত্যাশিত এক ঘটনা। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার মোবাইল নম্বর ব্লক করে রেখেছেন। ফলে বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে আমিনুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে নিজেকে বৈধ সভাপতি দাবি করেন আমিনুল।

তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা নতুন কমিটিকে স্বীকৃতি দেওয়ায় পরিস্থিতি তামিমের পক্ষেই যায়।

দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনের মধ্যেই সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ‘ক্যাপ্টেন্স কার্ড’ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন তামিম। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের জন্যও রাখা হয় বিশেষ এই সম্মাননা।

কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গিয়ে বিপাকে পড়েন তিনি।

তামিম বলেন,“আমি বুলবুল ভাইকে কল করেছি, মেসেজও দিয়েছি। পরে বুঝলাম আমি উনার ফোনে এবং হোয়াটসঅ্যাপে ব্লকড। তাই যোগাযোগ সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে সব সাবেক অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, তবে নানা কারণে সবাই উপস্থিত থাকতে পারেননি।

অন্যদিকে সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় আইনি জটিলতায় থাকায় তার পরিবারের মাধ্যমে কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিসিবি প্রধান জানান, যারা অনুষ্ঠানে থাকতে পারেননি, তারা সুবিধাজনক সময়ে ‘ক্যাপ্টেন্স কার্ড’ সংগ্রহ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে দেশ-বিদেশে ম্যাচে ফ্রি প্রবেশ, ভিভিআইপি পার্কিং, স্বাস্থ্য বীমা এবং চিকিৎসা সহায়তার সুবিধা পাবেন সাবেক অধিনায়করা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে