ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন

২০২৬ এপ্রিল ১৬ ২১:২২:৪৮
এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মূল্যসূচক ত্রৈমাসিক ভিত্তিতে সমন্বয় করা হলেও চলতি বছরের এপ্রিলেও সূচকে নতুন কোনো কোম্পানি যুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে আইপিও কার্যক্রম বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসের ত্রৈমাসিক পর্যালোচনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এবং এসএমই প্ল্যাটফর্মের ডিএসএমইএক্স—উভয় সূচকেই নতুন কোনো কোম্পানি যুক্ত করার মতো তালিকা পাওয়া যায়নি। ফলে এপ্রিল মাসেও সূচক দুটির উপাদান তালিকায় কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কোম্পানি অন্তর্ভুক্তির প্রধান শর্ত হলো নির্দিষ্ট সময়ের মধ্যে আইপিও’র মাধ্যমে মূল বোর্ড বা এসএমই বোর্ডে তালিকাভুক্তি। কিন্তু গত প্রায় দুই বছর ধরে আইপিও কার্যক্রম স্থবির থাকায় সূচকে নতুন সংযোজনের সুযোগ তৈরি হয়নি।

বাজার বিশ্লেষকদের মতে, নিয়মিত আইপিও না থাকলে বাজারে নতুন বিনিয়োগের সুযোগ কমে যায় এবং সূচকের গতিশীলতাও কমে পড়ে। ফলে বাজারে এক ধরনের স্থবিরতা তৈরি হয়, যা বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিএসইএক্স হলো ডিএসইর প্রধান সূচক, যা বাজারের বড় ও মাঝারি মূলধনী অধিকাংশ কোম্পানির পারফরম্যান্স প্রতিফলিত করে। অন্যদিকে, ডিএসএমইএক্স সূচকটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পভিত্তিক কোম্পানিগুলোর কার্যক্রম তুলে ধরে, যা উদীয়মান খাতের প্রবণতা বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্বের অন্যান্য শেয়ারবাজারের মতো ডিএসইতেও নির্দিষ্ট সময় অন্তর সূচক পর্যালোচনা করা হয়, যাতে বাজারের বাস্তব অবস্থা প্রতিফলিত হয়। সূচকে কোম্পানি অন্তর্ভুক্তি বা অপসারণ নির্ভর করে বাজার মূলধন, লেনদেনের তারল্য এবং নির্ধারিত অন্যান্য মানদণ্ডের ওপর।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে তালিকাভুক্ত হয়েছিল ৯টি কোম্পানি। এরপর থেকে আইপিও কার্যক্রম কার্যত বন্ধ থাকায় বাজারে নতুন কোম্পানির প্রবেশ থমকে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে সূচক সমন্বয়ের ওপর।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে