ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা

২০২৬ এপ্রিল ১৬ ১৪:৩৭:১৬
যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন সম্পন্ন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুইটি সূচক সামান্য বৃদ্ধি পেলেও অপর একটি সূচক নিম্নমুখী হয়েছে। একইসঙ্গে টাকার অংকে লেনদেন কমার পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও হ্রাস পেয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই বিনিয়োগকারীদের মধ্যে একধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতে ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চললেও প্রত্যাশিত চাঙাভাব দেখা যাচ্ছে না বাজারে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেক বিনিয়োগকারী সতর্ক অবস্থানে থেকে সীমিত পরিসরে লেনদেন করছেন। তবে পরিস্থিতি উন্নত হলে বাজার আবারও ইতিবাচক ধারায় ফিরতে পারে বলে তারা মনে করছেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৬ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ০ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ দশমিক ৪৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ০১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৯০ দশমিক ২২ পয়েন্টে পৌঁছেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩১টির শেয়ারদর বেড়েছে, ২০১টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের দিক থেকে দেখা যায়, ডিএসইতে মোট ৮০৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৮৬৪ কোটি ৪৮ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৩০ কোটি ৩৩ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৩ কোটি ৯৬ লাখ টাকার তুলনায় বেশি।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে, ৮৮টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬১ দশমিক ৭৩ পয়েন্টে উন্নীত হয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটি ২২ দশমিক ৩৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে