ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

নারী আসনে মনোনয়ন পেতে চাইলে জানতে হবে এই শর্তগুলো

২০২৬ এপ্রিল ১০ ১৭:৩৪:৫৩
নারী আসনে মনোনয়ন পেতে চাইলে জানতে হবে এই শর্তগুলো

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধনকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতার কথা তুলে ধরেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে গত দেড় যুগে আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের বিষয়টি অগ্রাধিকার পাবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের অবদানও মূল্যায়ন করা হবে।

মনোনয়ন প্রক্রিয়ার মানদণ্ড সম্পর্কে রিজভী সুস্পষ্টভাবে উল্লেখ করেন, দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থীদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে বক্তব্য দেওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেবে।

তিনি বলেন, একটি প্রাণবন্ত ও গণতান্ত্রিক সংসদ গড়ে তুলতে যোগ্য ও দক্ষ নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। এ লক্ষ্যে সঠিক প্রার্থী বাছাইয়ে দল সতর্ক থাকবে।

এ সময় তিনি মনোনয়ন প্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি জানান, আগামী ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে এবং প্রতিটি প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, তাদের মিত্র দলসহ জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে