ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

ধারাবাহিক আয় বৃদ্ধিতে ডিভিডেন্ড বাড়তে পারে তালিকাভুক্ত কোম্পানির

২০২৬ এপ্রিল ০৫ ১২:১৯:১৮
ধারাবাহিক আয় বৃদ্ধিতে ডিভিডেন্ড বাড়তে পারে তালিকাভুক্ত কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমলেও শেষ দুই প্রান্তিকে ধারাবাহিকভাবে বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের (PRAGATIINS)। যে কারণে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি থেকে ভাল ডিভিডেন্ড প্রত্যাশা করছে বিনিয়োগকারীরা। ইতিমধ্যে কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১২ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। আগের বছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এবার এই পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে, ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনঅনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও নিট সম্পদ মূল্য (এনএভি) কিছুটা উন্নতি দেখালেও নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস)-এ নেতিবাচক প্রবণতা স্পষ্ট।

প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ ২০২৫):এই প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১ টাকা ১৩ পয়সা থেকে সামান্য কম। তবে এনওসিএফপিএস নেতিবাচক ১ টাকা ৪১ পয়সা-এ নেমেছে; আগের বছর একই সময়ে এটি ছিল ধনাত্মক ০ টাকা ৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (এনএভি) ৫৯ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ৩১ ডিসেম্বরের ৫৭ টাকা ৫৮ পয়সা থেকে বেড়েছে। কোম্পানি জানিয়েছে, দাবি পরিশোধ বেড়ে যাওয়া ও অন্যান্য আয় কমে আসায় নগদ প্রবাহ সংকুচিত হয়েছে। অন্যদিকে, বিনিয়োগ ও প্রাপ্য লভ্যাংশ বৃদ্ধি এবং নগদ ব্যালেন্স বাড়ায় এনএভি বেড়েছে।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল–জুন ২০২৫):এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা, যা আগের বছর একই সময়ের (পুনঃসমন্বিত) ১ টাকা ২৪ পয়সা-এর চেয়ে কিছুটা বেশি। জানুয়ারি থেকে জুন অর্থাৎ প্রথম দুই প্রান্তিকে মোট ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৩৩ পয়সা; আগের বছরের একই সময়ের পুনঃসমন্বিত আয় ছিল ২ টাকা ৩০ পয়সা। কিন্তু এনওসিএফপিএস নেতিবাচক ৬০ পয়সা-এ নেমেছে, যেখানে আগের বছর একই সময়ের পুনঃসমন্বিত ক্যাশ ফ্লো ছিল ধনাত্মক ১ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে এনএভি দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫৪ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পুনঃসমন্বিত এনএভি ৫৩ টাকা ৮২ পয়সা-এর চেয়ে কিছুটা কম।

তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর ২০২৫):জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইপিএস হয়েছে ০ টাকা ৮৩ পয়সা; আগের বছর একই সময়ে ছিল ০ টাকা ৮১ পয়সা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর অর্থাৎ প্রথম তিন প্রান্তিকে মোট ইপিএস ৩ টাকা ১৬ পয়সা-এ উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ের ৩ টাকা ১১ পয়সা-এর চেয়ে বেশি। তবে তিন প্রান্তিক মিলিয়ে এনওসিএফপিএস দাঁড়িয়েছে নেতিবাচক ২ টাকা ৬২ পয়সা, যা আগের বছর একই সময়ের নেতিবাচক ১ টাকা ৮ পয়সা-এর চেয়ে আরও খারাপ। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এনএভি দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪৪ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের ৫৩ টাকা ৮২ পয়সা থেকে উল্লেখযোগ্য উন্নতি।

সার্বিক বিশ্লেষণ:প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় ও নিট সম্পদ মূল্যে ধীরে ধীরে প্রবৃদ্ধি দেখা গেলেও অপারেটিং ক্যাশ ফ্লোর নেতিবাচক ধারা উদ্বেগজনক। বিনিয়োগকারীদের জন্য এই নগদ প্রবাহের চাপ গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে