ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Sharenews24

ব্রেন টিউমার জয় করে হাসপাতাল ছাড়লেন তানিয়া বৃষ্টি

২০২৬ মার্চ ২৪ ১৪:১১:৪৭
ব্রেন টিউমার জয় করে হাসপাতাল ছাড়লেন তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক: ছোটপর্দার সুপরিচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে গত ৯ মার্চ চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তার দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার কারণে বেশ কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখতে হয়েছিল। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন অর্থাৎ ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

অভিনেত্রীর অসুস্থতা ও সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি জানিয়েছেন, তানিয়া বৃষ্টি বর্তমানে স্থিতিশীল থাকলেও তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে। চিকিৎসকদের কড়া নির্দেশনা অনুযায়ী, তাকে যেকোনো ধরনের মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তায় তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চেন্নাইয়ের হাসপাতালে টানা ১৪ দিন ভর্তি থাকার পর অবশেষে তিনি সুস্থতার দিকে ফিরছেন।

নিজের কঠিন এই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক মাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন তানিয়া বৃষ্টি। সেখানে তিনি লিখেছেন, "অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।" অর্থাৎ টানা ১১ দিন তাকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকতে হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১০ এপ্রিল পরবর্তী ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে। আপাতত তাকে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।

সৌরভ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে