ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

২০২৬ মার্চ ০৯ ১৯:৩৮:০৯
বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয় করা অর্থ দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া নিজ দেশে টাকা পাঠাতে পারবে। পূর্বে এই সীমা ছিল মাত্র ১০ কোটি টাকা।

নতুন নিয়ম শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন সরকারি ও বেসরকারি কোম্পানিতে অনিবাসী বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, অনিবাসী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির অর্থ দেশে ফেরত আনার জন্য অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক ছিল। ২০২০ সালের সার্কুলার অনুযায়ী ব্যাংকগুলো সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারত। নতুন নির্দেশনায় এই সীমা ১০ গুণ বৃদ্ধি করে ১০০ কোটি টাকা করা হয়েছে। এখন স্বাধীন মূল্য নির্ধারক দ্বারা নির্ধারিত ন্যায্য মূল্য থাকলে ব্যাংকগুলো ১০০ কোটি টাকা পর্যন্ত নিজস্বভাবে অনুমোদন দিতে পারবে।

ছোট বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে; এক কোটি টাকা পর্যন্ত লেনদেনে স্বাধীন মূল্যায়ন প্রতিবেদনের প্রয়োজন নেই।

বৃহত্তর লেনদেনের ক্ষেত্রে ব্যাংক পর্যায়ে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে বিশেষ অভ্যন্তরীণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) বা পেশাদার সনদধারী সদস্য থাকবেন, যারা মূল্যায়ন প্রতিবেদন যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন।

মূল্যায়ন পদ্ধতিকে আন্তর্জাতিক মানদণ্ড আইভিএস ২০২৫ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। প্রজ্ঞাপনে তিনটি গ্রহণযোগ্য পদ্ধতি বর্ণনা করা হয়েছে—১. নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) পদ্ধতি, ২. মার্কেট অ্যাপ্রোচ, ৩. ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো পদ্ধতি

মূল্যায়নের জন্য ব্যবহৃত আর্থিক বিবরণী ৬ মাসের বেশি পুরোনো হতে পারবে না। প্রয়োজনে কোম্পানিকে নতুন নিরীক্ষিত বিবরণী প্রস্তুত করতে হবে।

লেনদেনের সময়ও কমিয়ে আনা হয়েছে। কোনো অসংগতি না থাকলে ব্যাংকগুলো ৫ কর্মদিবসের মধ্যে অর্থ পাঠানো সম্পন্ন করবে। যদি কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হয়, আবেদন পাওয়ার ৩ কর্মদিবসের মধ্যে তা পাঠাতে হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের তারিখ বা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। সব লেনদেনের প্রতিবেদন পরবর্তী ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে