ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে ‘রাজনৈতিক ছায়া’

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১০:৪৪:৫৩
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে ‘রাজনৈতিক ছায়া’

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সাম্প্রতিক নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়; এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই পদ মুদ্রানীতির স্থিতিশীলতা রক্ষা, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং দেশীয়-আন্তর্জাতিক আস্থা গড়ে তোলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণআন্দোলনের পর জনগণ কাঠামোগত পরিবর্তনের দাবি তুলেছিল। সে প্রেক্ষাপটে যোগ্যতা ও মেধাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল। তার ভাষ্য অনুযায়ী, কোটা আন্দোলন কেবল কোটাব্যবস্থা সংশোধনের প্রশ্ন ছিল না; বরং এটি ছিল মেধাতন্ত্র ও দক্ষ প্রশাসনের দাবিতে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন।

বিবৃতিতে বলা হয়, নতুন গভর্নর নিয়োগ সেই প্রত্যাশার বিপরীত বার্তা দিচ্ছে। দলটির দাবি, দেশের ইতিহাসে এই প্রথম একজন শিল্পপতিকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে, যার প্রতিষ্ঠানের প্রায় ৮৯ কোটি টাকা ঋণ বিশেষ নীতিমালার আওতায় নিয়োগের অল্প সময় আগে পুনঃতফসিল করা হয়। এছাড়া তিনি বর্তমান শাসক দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন বলেও উল্লেখ করা হয়।

জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, ইতোমধ্যে কয়েকজন জ্যেষ্ঠ ব্যাংকার স্বার্থের সংঘাত ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যে ব্যক্তি নিজেই ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগী, তাকে পুরো ব্যাংকিং খাতের নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক—এমন মন্তব্য করা হয় বিবৃতিতে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শক্তিশালী, স্বাধীন ও দক্ষ নেতৃত্বসম্পন্ন প্রতিষ্ঠান ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দিলে তা দেশীয় ও আন্তর্জাতিক আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটি মাঝারি আকারের প্রতিষ্ঠান পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়া ব্যক্তি কীভাবে একটি দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবেন—এ প্রশ্নও উত্থাপন করেন তিনি।

তিনি আরও বলেন, যখন দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাসযোগ্যতা, পেশাদারিত্ব ও মেধাভিত্তিক নেতৃত্ব, তখন এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে