ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

লাল পাসপোর্ট জমা দিয়েছেন যে ১৩ উপদেষ্টা

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১০:৩৫:৪৫
লাল পাসপোর্ট জমা দিয়েছেন যে ১৩ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ভোট ঘিরে দেশের সর্বস্তরের মানুষ উৎসবমুখর পরিস্থিতিতে থাকলেও অন্তর্বর্তী সরকারের ভেতরে বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে উপদেষ্টারা তাদের সরকারি বাসভবন এবং কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিতে শুরু করেছেন।

দুইজন উপদেষ্টা ইতিমধ্যেই সরকারি বাসা ছাড়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। এছাড়া অন্তত ১৩ জন উপদেষ্টা এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। কেউ কেউ জানিয়েছেন, “যতদিন দায়িত্বে থাকব, লাল পাসপোর্ট সঙ্গে রাখব; বিদায়বেলায় সরকারি সবকিছুসহ জমা দেব।”

কয়েকজন উপদেষ্টা স্টাফদের মাধ্যমে ব্যক্তিগত নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরকারি দপ্তর থেকে বাসায় নিয়ে গেছেন। এর উদ্দেশ্য, নতুন সরকার ক্ষমতা হস্তান্তর পেলে দ্রুত এবং সুচারুভাবে দায়িত্ব হস্তান্তর করা সম্ভব হয়।

জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারি বাসা ছাড়ার চিঠি দিয়েছেন। আরো কিছু উপদেষ্টা নির্বাচনের আগে বাসা ছাড়বেন এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দেবেন।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, লাল পাসপোর্ট জমা দেওয়ার মাধ্যমে তারা নতুন পাসপোর্টের জন্য অনাপত্তিপত্র গ্রহণ করে আবেদন করছেন। নতুন পাসপোর্ট পাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পূর্বের কূটনৈতিক পাসপোর্ট অকার্যকর হয়ে যায়।

এখন পর্যন্ত লাল পাসপোর্ট জমা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নিম্নলিখিত উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তা:

অর্থ উপদেষ্টা: ড. সালেহউদ্দিন আহমেদ

খাদ্য ও ভূমি উপদেষ্টা: আলী ইমাম মজুমদার

শিক্ষা উপদেষ্টা: অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার

আইন উপদেষ্টা: ড. আসিফ নজরুল

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা: আদিলুর রহমান খান

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা: মুহাম্মদ ফাওজুল কবির খান

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা: অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা: ফারুক-ই-আজম বীরপ্রতীক

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা: ফরিদা আখতার

বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা: শেখ বশিরউদ্দীন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা: শারমীন এস মুরশিদ

স্বাস্থ্য উপদেষ্টা: নূরজাহান বেগম

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা: মোস্তফা সরয়ার ফারুকী

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি): বাহারুল আলম

উপদেষ্টাদের পিএস জানিয়েছে, নতুন পাসপোর্ট পাওয়ার ‘হ্যাসল’ এড়াতে এই আবেদন কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে