×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নীতি সুদহার অপরিবর্তিত; বেসরকারি ঋণে বড় বাজি কেন্দ্রীয় ব্যাংকের

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৯:০১:০৬
নীতি সুদহার অপরিবর্তিত; বেসরকারি ঋণে বড় বাজি কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় অর্ধবার্ষিকের (জানুয়ারি–জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভর্নর ড. আহসান এইচ মনসুর এই মুদ্রানীতি প্রকাশ করেন, যেখানে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কিছুটা বাড়ানো হলেও নীতি সুদহার বা রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে এটি বর্তমান গভর্নরের তৃতীয় মুদ্রানীতি, যার মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা।

দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করে, যার মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ ও মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। নতুন এই মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক গড় মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বর্তমানে ৮.৫৮ শতাংশে অবস্থান করছে। মূলত বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্থিতিশীল করতেই এই প্রক্ষেপণ করা হয়েছে।

সুদহারের ক্ষেত্রে দেখা গেছে, কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট আগের মতোই ১০ শতাংশে বহাল রেখেছে। ব্যাংকগুলো সাধারণত সরকারি সিকিউরিটিজ বন্ধক রেখে এই হারের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ নিয়ে থাকে। এছাড়া আন্তঃব্যাংক ধারের ক্ষেত্রে এসএলএফ ১১.৫০ শতাংশে অপরিবর্তিত থাকলেও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৮ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখার চেয়ে বাজারে ঋণ দিতে বেশি উৎসাহিত হবে।

বেসরকারি খাতের ঋণ প্রবাহ নিয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর আশাবাদ ব্যক্ত করেছেন যে, নির্বাচন পরবর্তী সময়ে দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে। যদিও গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৬.১ শতাংশ, তবুও নতুন লক্ষ্যমাত্রায় জুন পর্যন্ত এটি ৮.৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোসহ সাধারণ শিল্পোদ্যোক্তাদের জন্য অর্থায়ন পাওয়া আরও সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, সরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রাও নতুন করে সাজানো হয়েছে। নতুন মুদ্রানীতিতে এই খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১.৬ শতাংশ। উল্লেখ্য যে, গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সরকার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি (২৮.৯ শতাংশ) ঋণ নিলেও এবারের মুদ্রানীতিতে সরকার ও বেসরকারি খাতের ঋণের মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে মুদ্রাবাজারে তারল্য সংকট কমবে এবং বেসরকারি খাত নতুন উদ্যমে কাজ করার সুযোগ পাবে।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে