ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৯:৪৮:০১
এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হতে পারেন—এমন ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। বিশেষ করে লেবার পার্টির ভেতরে তার নেতৃত্ব নিয়ে তীব্র চাপ তৈরি হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে দলটির ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। ম্যান্ডেলসনের সঙ্গে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এই নিয়োগ ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

লেবার পার্টির অনেক এমপি বিস্ময় প্রকাশ করেছেন যে, ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগের অনুমোদন সত্ত্বেও স্টারমার এখনও প্রধানমন্ত্রীর পদে বহাল রয়েছেন। ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর কার্যালয়ের কিছু কর্মকর্তা গোপনে মন্ত্রিসভার সদস্যদের স্টারমারকে পদত্যাগে রাজি করানোর চেষ্টা করছেন বলেও জানা গেছে।

একজন মন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, আগামী সপ্তাহেই স্টারমারের পদত্যাগের সম্ভাবনা ‘পঞ্চাশ-পঞ্চাশ’। নিজের অবস্থান শক্ত করতে তিনি সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারকে পুনরায় সরকারে ফেরানোর প্রস্তাব দিতে পারেন। একই সঙ্গে জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ডকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

স্টারমারের পদত্যাগ হলে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্রিটিশ গণমাধ্যমে যাদের নাম আলোচনায় এসেছে, তারা হলেন—স্বাস্থ্য মন্ত্রী ওয়েস স্ট্রিটিং, স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার, প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং উপমন্ত্রী অ্যালিস্টার কার্নস।

তবে স্টারমার সরে গেলেও তাৎক্ষণিক সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। বরং লেবার পার্টি অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করতে পারে, যিনি সরকার পরিচালনার দায়িত্ব নেবেন। উল্লেখ্য, ২০২২ সালে কনজারভেটিভ পার্টিও এক বছরের মধ্যে দুই দফা প্রধানমন্ত্রী পরিবর্তন করেছিল।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে