ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সঞ্চয়পত্রে কর নিয়ে হইচই, শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত এলো

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৫:৪৯:০০
সঞ্চয়পত্রে কর নিয়ে হইচই, শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত এলো

নিজস্ব প্রতিবেদক : পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, আগের মতোই ৫ শতাংশ কাটা হবে—এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে এনবিআর। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক ড. রওশন আরা বেগম।

ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে এনবিআর থেকে নতুন করে স্পষ্ট নির্দেশনা দেওয়া হলো।

এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম না করেন, তাহলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে মাত্র ৫ শতাংশ।

এ ছাড়া কোনো ব্যক্তি যদি কোনো আয়বর্ষে শুধু পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে সেই বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার ওপর কোনো উৎসে করই প্রযোজ্য হবে না। অর্থাৎ এ ক্ষেত্রে উৎসে করের হার শূন্য শতাংশ থাকবে।

তবে আয়কর আইন ২০২৩-এর ১০৫ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের মোট পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার ১০ শতাংশ হবে বলে চিঠিতে স্পষ্ট করা হয়েছে।

এনবিআর আরও জানিয়েছে, পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না।এ বিষয়ে সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক ড. রওশন আরা বেগম বলেন, “এনবিআরের চিঠি আমরা পেয়েছি। বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে