ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা

২০২৫ ডিসেম্বর ১৬ ১৬:৫৩:১২
রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে ‘আগ্রাসন বিরোধী’ কর্মসূচির অংশ হিসেবে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিবসটির তাৎপর্য তুলে ধরতে ও রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচি আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে বিজয় মিছিলটি শুরু হয়। আয়োজকদের তথ্যমতে, মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া কেন্দ্রীয় পর্যায়ের আরও নেতারা মিছিলে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রায় সব থানা এলাকা থেকেই এনসিপির নেতাকর্মীরা বিজয় মিছিলে যোগ দিয়েছেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন, ফলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বিজয় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। এর মধ্যে উল্লেখযোগ্য স্লোগান ছিল—‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ—গণভোট, গণভোট’ এবং ‘এক হাদির কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’।

মিছিলটি বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে কাটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশী মোড় অতিক্রম করে শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পুরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে