ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

নির্বাচনী খেলা শেষ হয়েছে, এখন রাজনীতির খেলা চলবে : কাদের

২০২৪ জানুয়ারি ০৯ ১৬:৪৪:১২
নির্বাচনী খেলা শেষ হয়েছে, এখন রাজনীতির খেলা চলবে : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী খেলা শেষ হয়েছে, এখন রাজনীতির খেলা চলবে। মঙ্গলবার (০৯ জানুয়ারি) গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এখনও পথে পথে নানা বাধাবিপত্তি চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি, গণতন্ত্রের শত্রুরা এখনও হুমকি দিচ্ছে। মানুষ পুড়িয়ে মারছে। তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। সে দূর থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে।

কাদের বলেন, এদের চেতনায় স্বাধীনতা নেই। এদের চেতনায় দ্বিজাতিতত্ত্ব। আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মাথা গরম করা যাবে না। এতবড় নির্বাচন। কিন্তু তেমন কোনো সহিংসতা হয়নি। পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়। কঙ্গোতে দেখলাম ইন্টারনেট বন্ধ, বিদ্যুৎ নেই, পরে ফল প্রকাশ। এমন নির্বাচন আমরা করিনি।

তিনি বলেন, গত ৪৮ বছরের সবচেয়ে সাহসী নেতা শেখ হাসিনা। তিনি আমাদের আশার বাতিঘর। বীর বাঙালির বীরকন্যা। সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মানুষকে ভালোবেসে মানুষের মধ্যে ঠাঁই করে নিয়েছেন। আপনাকে অভিনন্দন। আপনি সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আপনাকে অভিনন্দন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

শেয়ারনিউজ, ০৯ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে