×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম

২০২৬ নভেম্বর ১৭ ২০:০৬:৪৩
বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের পরিশোধের সময়সীমা ও প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তির (ডিটিএ) সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদেরডিভিডেন্ড পরিশোধ করতে হবে। তবে যৌক্তিক কারণে এ সময়ের মধ্যেডিভিডেন্ড বিতরণ করা সম্ভব না হলে সংশ্লিষ্ট কোম্পানিকে নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে না।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, আগের বিধান অনুযায়ী, বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে বার্ষিক ডিভিডেন্ড এবং রেকর্ড তারিখের পরবর্তী ৩০ দিনের মধ্যে অন্তর্বর্তী ডিভিডেন্ড বিতরণ করতে হতো। কিন্তু বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধের ক্ষেত্রে এনবিআর থেকে ডিটিএ সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। এই সনদ পেতে অনেক সময় দুই থেকে তিন মাস পর্যন্ত লেগে যায়। ফলে কোম্পানিগুলোর সদিচ্ছা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়া সম্ভব হতো না।

তিনি আরও বলেন, নতুন নির্দেশনার ফলে বিদেশি শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে ডিটিএ সনদ পাওয়ার পর ডিভিডেন্ড পরিশোধের জন্য ৩০ দিন সময় পাওয়া যাবে। এতে কোম্পানিগুলোর বিধিবিধান পরিপালন সহজ হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও সনদ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের প্রাপ্য ডিভিডেন্ড পাবেন।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে ২০২১ সালের ১৪ জানুয়ারি এবং ২০২৪ সালের ২০ মে জারি করা বিএসইসির আগের দুটি নির্দেশনায় সংশোধনী আনা হয়েছে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতা এবং অনিবার্য কারণে বিলম্বের বিষয়টি বিবেচনায় নিয়ে আগের নির্দেশনার ১ নম্বর ধারার (ই) উপধারায় পরিবর্তন করা হয়েছে।

লভ্যাংশ বিতরণ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। আগের নিয়ম অনুযায়ী,ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি এবং দুই স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হতো। নতুন নির্দেশনায় এই বাধ্যবাধকতা বহাল রাখা হয়েছে।

তবে বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড বিতরণের বিষয়ে পৃথক প্রতিবেদন জমা দেওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে, বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণ শেষ হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জে আলাদা প্রতিবেদন জমা দিতে হবে। শুধু প্রতিবেদন জমা দিলেই হবে না, স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও তা প্রকাশ করতে হবে।

বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০-এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সংশোধনী জারি করেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে