×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতে নজিরবিহীন সংকট: ৩২% ছাড়িয়েছে খেলাপি ঋণ

২০২৬ নভেম্বর ১৫ ২০:৫০:১৫
ব্যাংক খাতে নজিরবিহীন সংকট: ৩২% ছাড়িয়েছে খেলাপি ঋণ

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতের আর্থিক সংকট দিন দিন গভীর থেকে গভীরতর হচ্ছে। বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি। এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ। বিপুল পরিমাণ খেলাপি ঋণের বিপরীতে সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়ার মতো ন্যূনতম মূলধনও নেই ব্যাংকগুলোর; বরং পুরো ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত নেমে গেছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে। পাশাপাশি প্রয়োজনীয় প্রভিশনের ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকায়।

শনিবার রাজধানীর শ্যামলীতে ‘নলেজ হাব ইনস্টিটিউট’ আয়োজিত এক অনুষ্ঠানে ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। এই বিপুল খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে পারেনি ব্যাংকগুলো। ফলে প্রভিশন ঘাটতি গিয়ে ঠেকেছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকায়। এ ছাড়া বিভিন্ন আদালতের ৮৪৫টি মামলার স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকার ঋণ।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণে পরিণত হয়েছে, যেখান থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাঁর মূল্যায়নে, খেলাপি ঋণের ৮০ থেকে ৯০ শতাংশই আদায়ের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, এই ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশের কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অনিয়ম ও অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে শক্ত ভূমিকা রাখতে হবে।’

ব্যাংকভেদে খেলাপি ঋণের চিত্র

প্রতিবেদনে ব্যাংকের ধরনভেদে খেলাপি ঋণের যে চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এর মধ্যে—

পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক: সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এই খাতটি। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৫৮ দশমিক ৯ শতাংশ। একই সময়ে এসব ব্যাংকে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ এবং ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক: এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ।

বেসরকারি ব্যাংক: এই খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬ শতাংশ।

বিদেশি ব্যাংক: বিদেশি ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক ভালো, যেখানে খেলাপি ঋণের হার মাত্র ৬ দশমিক ৫ শতাংশ।

আমানত বাড়লেও থমকে আছে ঋণপ্রবাহ

ব্যাংক খাতে সামগ্রিক আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহে স্থবিরতা কাটছে না। গত আগস্ট মাসে আমানতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। অথচ একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ, যা সেপ্টেম্বরে আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।

সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, গত আগস্টে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা থাকলেও সামগ্রিক এই তারল্যের সুফল দুর্বল ব্যাংকগুলো পাচ্ছে না; বরং দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে।

উত্তরণে নলেজ হাবের সুপারিশ

১. চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর ঋণের মান যাচাইয়ে একটি স্বাধীন পর্যালোচনা বা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ সম্পন্ন করতে হবে।২. আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা প্রয়োজনীয় রেজল্যুশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।৩. ব্যাংক খাতের অনিয়ম ও অপরাধ রোধে ব্যাংকগুলোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা ও সরকারকে যৌথভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে