×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে

২০২৬ নভেম্বর ১৫ ১০:৫৮:২০
২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এসেছে বড় সুযোগ। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির জন্য কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্য সরকার। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, যাতায়াতের বিমানভাড়া, মাসিক জীবনযাত্রার ভাতা ও গবেষণাসংক্রান্ত খরচ বহন করা হবে। আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পরিচালিত এ বৃত্তি কর্মসূচির মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। একই সঙ্গে যুক্তরাজ্যে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ দেশে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ মূলত স্বল্পোন্নত ও নিম্ন-মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশসহ মোট ৪৪টি দেশের যোগ্য শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শুরু হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করবে বৃত্তি কর্তৃপক্ষ। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার জন্য আলাদা করে টিউশন ফি দিতে হবে না। পাশাপাশি যুক্তরাজ্যে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার বিমানভাড়াও দেওয়া হবে।

জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য শিক্ষার্থীদের মাসিক ভাতা দেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড পাবেন। আর লন্ডন মহানগর এলাকার কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাসিক ভাতার পরিমাণ হবে ২ হাজার পাউন্ড।

এ ছাড়া থিসিস বা গবেষণাপত্র তৈরির জন্য অনুদান, শিক্ষাসংশ্লিষ্ট ভ্রমণের খরচ এবং অতিরিক্ত মালপত্র পরিবহনের ব্যয় বহন করা হবে। বিধবা, তালাকপ্রাপ্ত ও অবিবাহিত একক অভিভাবক শিক্ষার্থীদের সন্তানদের জন্যও বিশেষ ভাতার ব্যবস্থা রয়েছে।

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় কলা, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। তবে বৃত্তি প্রদানের ক্ষেত্রে ছয়টি উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ খাতগুলো হলো—বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠা; উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার; বৈশ্বিক সমৃদ্ধি অর্জন; স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন; বিভিন্ন সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য সমান সুযোগ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

আবেদনকারীদের প্রস্তাবিত বিষয় ও শিক্ষা পরিকল্পনা এসব উন্নয়ন খাতের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হবে।আবেদনের যোগ্যতা কী?

এ বৃত্তির জন্য আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক এবং ওই দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট দেশের শরণার্থী হিসেবে স্বীকৃত ব্যক্তি কিংবা ব্রিটিশ প্রটেক্টেড পারসনরাও আবেদন করতে পারবেন। নির্বাচিত হলে ২০২৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা শুরু করার প্রস্তুতি থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীর স্নাতক পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির উচ্চতর (২:১) ফল থাকতে হবে। তবে দ্বিতীয় শ্রেণির নিম্নতর (২:২) ফলধারীরাও আবেদন করতে পারবেন, যদি তাঁদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকে।

এ ছাড়া চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনকারীর উচ্চ আয়ের কোনো দেশে এক শিক্ষাবর্ষ বা তার বেশি সময় পড়াশোনা কিংবা চাকরির অভিজ্ঞতা থাকা যাবে না। একই সঙ্গে বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার ব্যয় বহনের আর্থিক সামর্থ্য থাকা যাবে না। অর্থাৎ যাঁদের পক্ষে নিজ খরচে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব নয়, তাঁদের জন্য এ বৃত্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও বেলিজসহ মোট ৪৪টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের শর্ত পূরণ করতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রস্তাবিত শিক্ষা পরিকল্পনার মান এবং নিজ দেশের উন্নয়নে অবদান রাখার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে। তাই আবেদন করার আগে নিজের পছন্দের কোর্স, বিশ্ববিদ্যালয় এবং বৃত্তির শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ ২০২৭-২৮-এর আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬। আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে