×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!

২০২৬ নভেম্বর ১৩ ১৮:৪২:০২
এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!

নিজস্ব প্রতিবেদক: বংশপরিচয় জালিয়াতির অভিযোগে কুয়েতে একই পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। নাগরিকত্ব যাচাই অভিযানের অংশ হিসেবে দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। একই নথির আওতায় আরও ২১০ জনের নাগরিকত্ব বাতিল করা হলে এ সংখ্যা বেড়ে ১ হাজার ১০৬ জনে দাঁড়াতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নাগরিকত্ব তদন্তবিষয়ক সুপ্রিম কমিটির এক বৈঠকে নতুন করে ৬০৯ জনের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একই নথির আওতায় ২৮৭ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল।

কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আগামী সময়। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একটি পরিবারের বর্ধিত সদস্য হিসেবে দেখিয়ে এসব ব্যক্তিকে কুয়েতের নাগরিকত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের বংশপরিচয়সংক্রান্ত তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। এরপর বিষয়টি খতিয়ে দেখতে নাগরিকত্ব যাচাই শুরু করে দেশটির কর্তৃপক্ষ।

তদন্ত এখনো শেষ হয়নি। সংশ্লিষ্ট নথির মূল ধারক এবং তাঁর অধীনে নিবন্ধিত সব ব্যক্তির নাগরিকত্ব যাচাই করে ব্যবস্থা নেওয়া হলে বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষের হিসাবে, একই নথির আওতায় আরও ২১০ জনের নাগরিকত্ব বাতিল হলে মোট সংখ্যা দাঁড়াবে ১ হাজার ১০৬ জনে।

কুয়েতে ১৯৫৯ সালের নাগরিকত্ব আইনের আওতায় নাগরিকত্বসংক্রান্ত বিভিন্ন অনিয়ম তদন্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাল নথি ব্যবহার, বংশপরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া এবং দ্বৈত নাগরিকত্বের মতো বিষয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য জাতীয় নিবন্ধনের অসংগতি দূর করা এবং নাগরিকত্বসংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

কুয়েতের নাগরিকত্ব আইন অনুযায়ী, কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল হলে তাঁর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া নির্ভরশীল ব্যক্তিদের নাগরিকত্বও বাতিল হতে পারে।

এ কারণে বংশপরিচয় ও নাগরিকত্বসংক্রান্ত অনিয়মের তদন্তে একটি পরিবারের বিপুলসংখ্যক সদস্যের নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটছে।

সাম্প্রতিক মাসগুলোতে কুয়েতে কয়েক হাজার মানুষের নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে নাগরিকত্ব যাচাই অভিযান অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে