×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব

২০২৬ নভেম্বর ১৩ ১৮:৩৬:৪২
বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের আলোচিত-সমালোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু এবং তার পরিবারের সদস্যসহ মোট সাতজন ব্যক্তির ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের ওপর থেকে শর্তসাপেক্ষে জব্দ (ফ্রিজ) আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট এসব হিসাব জব্দ করা হয়েছিল।

কমিশনের এক সভায় গৃহীত সিদ্ধান্তের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী, সচল হওয়া ৯৩টি বিও হিসাবের মধ্যে সর্বোচ্চ ৩২টি হিসাব রয়েছে আবুল খায়ের হিরুর নামে। এ ছাড়া কাজী সাদিয়া হাসানের ২৩টি, সাজেদুর রহমানের ১১টি এবং কনিকা আফরোজের ১০টি বিও হিসাবের জব্দ আদেশ তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আবুল কালাম মাতবরের ৮টি, ফেরদৌসী বেগমের ৫টি এবং সাজেদ মাদবরের ৪টি হিসাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা।

তবে নিজস্ব জব্দ আদেশ তুলে নিলেও অর্থ ও শেয়ারের অননুমোদিত উত্তোলন বা স্থানান্তর ঠেকাতে কঠোর শর্ত জুড়ে দিয়েছে বিএসইসি। নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট বিও হিসাবগুলোর ওপর আদালত, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বা অন্য কোনো যথাযথ কর্তৃপক্ষের জব্দ বা নিষেধাজ্ঞার আদেশ বলবৎ না থাকলেই কেবল এই আদেশ কার্যকর হবে। আদেশটি কার্যকরের আগে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) হিসাবগুলোর বর্তমান অবস্থা যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে।

শর্ত পূরণ সাপেক্ষে সচল হওয়া এসব হিসাবে কেবল সেকেন্ডারি মার্কেটে সাধারণ শেয়ার লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। তবে শেয়ার স্থানান্তর (ট্রান্সফার), হস্তান্তর (ট্রান্সমিশন) এবং ব্লক মার্কেটে কোনো ধরনের লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া হিসাবধারীরা 'মার্জিন বিধিমালা ২০২৫' অনুসরণ করে তাদের মার্জিন ঋণ সমন্বয় করার সুযোগ পাবেন।

বিএসইসি আরও জানিয়েছে, এই ৯৩টি বিও হিসাব থেকে কোনো ধরনের অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। পাশাপাশি বর্তমানে প্লেজ (বন্ধক), লিয়েন বা লক-ইন অবস্থায় থাকা শেয়ারের ক্ষেত্রে এই লেনদেনের সুবিধা প্রযোজ্য হবে না। এসব শর্ত যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে এবং প্রতি পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে কমিশনে মাসিক কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সিডিবিএলকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে