×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড

২০২৬ নভেম্বর ১৩ ১১:৫৯:৪৯
বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ঘোষিত ডিভিডেন্ড বুঝিয়ে না দেওয়া এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিমালা লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ১০ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিতভাবে ২৯ কোটি টাকারও বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে এককভাবে সর্বোচ্চ ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানার কবলে পড়েছে লুব-রেফ। বিএসইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি এই সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।

কমিশনের জারি করা ওই আদেশে স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে দায়ী প্রত্যেক ব্যক্তিকে পরবর্তী প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত এই প্রতিষ্ঠানগুলো কেবল ডিভিডেন্ড বিতরণেই গড়িমসি করেনি, বরং নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক প্রতিবেদনও কমিশনে জমা দেয়নি। এমনকি এ বিষয়ে বিএসইসি থেকে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হলেও বেশ কয়েকটি কোম্পানি কোনো ধরনের সাড়া দেয়নি।

এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে জানান, শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড সময়মতো পরিশোধ না করার অপরাধেই সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদকে এই আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে ১০টি কোম্পানির পর্ষদের অন্তত ৫০ জন সদস্য এই শাস্তির আওতায় এসেছেন বলে জানা গেছে।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে অধিকাংশ কোম্পানি মুনাফা করলেও সিকিউরিটিজ আইন মেনে শেয়ারহোল্ডারদের হাতে ক্যাশ ডিভিডেন্ড তুলে দেয়নি। বিএসইসির প্রচলিত বিধি অনুযায়ী, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ আলাদা ব্যাংক হিসাবে জমা রাখতে হয় এবং বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা বিনিয়োগকারীদের পরিশোধ করতে হয়। এই নিয়মের ব্যত্যয় ঘটলে তা আইন লঙ্ঘন ও বাজার কারসাজির শামিল হিসেবে গণ্য হয়, যার ফলে কোম্পানিগুলো 'জেড' ক্যাটাগরিতে নেমে যাওয়ার ঝুঁকিতেও পড়ে।

অর্থদণ্ডপ্রাপ্ত ১০ প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে থাকা লুব-রেফের চেয়ারম্যান রুবিয়া নাহার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ, ড. ইসরাত জাহান, আহমেদ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. ইমরান আজাদের প্রত্যেককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

তালিকার পরবর্তী অবস্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইসমত জাহান এবং পরিচালক ফাহিম চৌধুরী ও আজমাইন মাহতাব চৌধুরীর প্রত্যেককে প্রায় ২ কোটি টাকা করে দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বিডি পেইন্টসের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মীম, ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল খান ও পরিচালক মো. মারুফুল ইসলাম তারুণকে ৯৭ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে।

কমিশনের আদেশ অনুযায়ী, ওরিজা অ্যাগ্রোর চেয়ারম্যান মালিহা খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেদুল ইসলাম এবং পরিচালক এম আজহার রহমান ও নিবরাস উল্লাহ সিদ্দিকীর প্রত্যেককে ৪৭ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অন্যদিকে, কৃষিবিদ সিডের চেয়ারম্যান ড. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ড. আবদুল হামিদ, ড. মো. শাহজাহান, মো. ইব্রাহিম খলিল ও তাসলিমা ইয়াসমিনকে জনপ্রতি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া বাকি পাঁচটি কোম্পানির পর্ষদ সদস্যদের সর্বোচ্চ ২০ লাখ থেকে সর্বনিম্ন ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন সাফকো স্পিনিং মিলসের চেয়ারম্যান সৈয়দ এ কে এম সালিম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ বি এম হুমায়ুন ও পরিচালক সৈয়দ সাকেব আহমেদ এবং মামুন অ্যাগ্রো প্রোডাক্টসের চেয়ারম্যান নাসরিন জাহান মামুন, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ ও পরিচালক তাসনিম তামান্না ও তাবাসসুম জান্নাত নোভা।

দণ্ডিতদের এই তালিকায় আরও রয়েছেন প্যাসিফিক ডেনিমসের চেয়ারম্যান মো. শাদেকুর আলম ইয়াসিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম (মহসিন) ও পরিচালক মো. সোহেল খান ও এম এ কামাল ভূঁইয়া; অ্যাডভেন্ট ফার্মার চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম ও পরিচালক ওয়াজহি আহমেদ, কাজী রিনা আলম, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও খন্দকার সাগীর আহমেদ।

পাশাপাশি জেনেক্স ইনফোসিসের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি ও নিলুফার ইমাম, কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদকেও এই শাস্তির আওতায় আনা হয়েছে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে