×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট

২০২৬ নভেম্বর ১২ ১৫:৩১:২৯
শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা পার্লামেন্টের উচ্চকক্ষে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনে উচ্চকক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি এ পদক্ষেপ নেন। কয়েক দিন ধরে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলার পর এই ঘটনা ঘটল।

পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার আহমাদ মুজানি জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। তবে তিনি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে স্পিকার কিছু জানাননি। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে পার্লামেন্টের নেতারা বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি।

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৯ বছর বয়সী জিবরান। তিনি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কে বাড়ে চাপ

জিবরানের পদত্যাগের পেছনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলমান বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের পৃথক রায়ে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য জিবরানের জমা দেওয়া বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ নির্বাচনী শর্ত পূরণ করে না।

এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেন আইনপ্রণেতারা। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা জিবরানের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তাবে স্বাক্ষর করেন। এর মধ্যেই বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেওয়ার খবর সামনে এল।

রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকার সময়েই জিবরানের পদত্যাগের ঘটনা ঘটল। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, এ পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার সরকার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে বিতর্ক এবং অর্থনীতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্নের মধ্যেই নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হতে পারে। ক্রমবর্ধমান অস্থিরতার প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের আস্থাতেও। দেশটির আর্থিক পরিকল্পনা ও নীতিনির্ধারণী কার্যক্রম কঠোর পর্যালোচনার মুখে পড়েছে। একই সঙ্গে ইন্দোনেশিয়ার শেয়ারবাজারের রেটিং কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে জাভা দ্বীপের মধ্যাঞ্চলীয় সোলো শহরে নিজের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রাবোওর সরকারকে সমর্থন দিয়ে যাবেন।

জোকোই বলেন, ‘আমরা প্রেসিডেন্ট প্রাবোওর সরকারকে সমর্থন দিয়ে যাব, বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে নেওয়া প্রকল্পগুলোতে আমাদের সমর্থন থাকবে।’

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে