×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ

২০২৬ অক্টোবর ৩০ ২১:৩৩:১৬
নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের আরও দেড় মাস সময় দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই নম্বরপ্লেট সংযোজন করা যাবে। আগে ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বিআরটিএ। এতে জানানো হয়, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করে সংস্থাটি। এর জন্য মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের দিকে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়। গত ১৬ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়ে ১৫ নভেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন করতে বলা হয়েছিল।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষ অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহার করতে হয়। নতুন নির্দেশনায় পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখার বাধ্যবাধকতা যুক্ত হয়েছে।

নির্দেশনায় মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের আকারও নির্দিষ্ট করে দিয়েছে বিআরটিএ। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার রাখতে হবে। এতে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের জন্য সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখার নির্দেশনা রয়েছে।

এ ছাড়া সামনের নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর এক লাইনে বা আনুভূমিকভাবে লেখার নির্দেশ দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটি উল্লেখ করা হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, মোটরসাইকেল মালিকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত নিয়মে সামনের নম্বরপ্লেট সংযোজন করতে পারবেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে