×
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও দুই স্ত্রীকে গ্রামছাড়া

২০২৬ অক্টোবর ২৭ ২০:২৯:০৭
শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও দুই স্ত্রীকে গ্রামছাড়া

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তাঁর আপন ছোট বোনকে বিয়ে করার অভিযোগে এক যুবক ও তাঁর দুই স্ত্রীকে মারধর, মুখে চুনকালি মাখানো এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ভুক্তভোগী ওই যুবকের বয়স ৩৫ বছর। তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন আইনজীবীর সহকারী। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি তাঁর প্রথম স্ত্রীর ২১ বছর বয়সী আপন ছোট বোনকে বিয়ে করেন। বিয়ের পর তাঁরা জেলার বদলগাছী উপজেলা সদরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

আপন দুই বোনকে একই ব্যক্তি বিয়ে করেছেন—এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে সমালোচনা শুরু হয়। পরে স্থানীয়দের আপত্তির মুখে তাঁরা বদলগাছীর ভাড়া বাসা ছেড়ে চলে যান। এরপর সোমবার রাতে দুই স্ত্রীকে নিয়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন ওই যুবক।

স্থানীয়দের কাছে খবর পৌঁছানোর পর রাত ১০টার দিকে শ্বশুরবাড়িতে একদল মানুষ জড়ো হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁদের গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে ওই যুবক ও দুই নারীকে ঘিরে কয়েকজনকে উল্লাস করতে দেখা যায়। ভিডিওতে তাঁদের হেনস্তা, মারধর, মুখে চুনকালি মাখানো এবং গলায় জুতার মালা পরানোর দৃশ্য রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। পরে তাঁদের লাঠিসোঁটা নিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে ওই যুবক ও দুই নারী এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী যুবকের শ্বশুর গণমাধ্যমকে জানান, রাতে গ্রামের লোকজন এসে তাঁর দুই মেয়ে ও জামাতাকে হেনস্তা করেন, মারধর করেন এবং জোরপূর্বক গ্রাম থেকে বের করে দেন।

নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাবেক সভাপতি মাওলানা আকরাম হোসেন জানান, ইসলামের বিধান অনুযায়ী একজন নারী ও তাঁর আপন বোনকে একই সময়ে একই ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে রাখা জায়েজ নয়। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবসান ঘটলে নির্দিষ্ট শর্তে তাঁর বোনকে বিয়ে করার সুযোগ রয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে পুলিশ ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে