×
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ভালো ডিভিডেন্ডেও বাড়ছে না শেয়ারের চাহিদা, বাজারের বেহাল দশা পর্যালোচনার দাবি

২০২৬ অক্টোবর ২৭ ১৫:৪৮:৪১
ভালো ডিভিডেন্ডেও বাড়ছে না শেয়ারের চাহিদা, বাজারের বেহাল দশা পর্যালোচনার দাবি

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে দরপতন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বর্তমানে বাজারে চলছে ডিভিডেন্ড ঘোষণার মৌসুম। এরই ধারাবাহিকতায় গতকাল বেশ কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে চারটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর সর্বোচ্চ পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এমন ইতিবাচক ঘোষণার পরও সংশ্লিষ্ট শেয়ারগুলোর দামে উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি। বিষয়টিকে হতাশাজনক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তাদের মতে, সাধারণত ভালো কোনো কোম্পানি উল্লেখযোগ্য পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করলে সেই কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। কিন্তু গতকাল তালিকাভুক্তির পর সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর শেয়ারদরে তেমন ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। বাজারসংশ্লিষ্টদের মতে, এটি শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয়।

তারা মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদের দক্ষতা ও ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। বাজারের এমন অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে দৃশ্যমান তৎপরতা কিংবা জোরালো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের কার্যক্রম দেখে বাজার স্থিতিশীল করার বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে কি না, সে প্রশ্নও উঠছে। দীর্ঘদিনের দরপতন থেকে উত্তরণে কমিশনের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ অন্যান্য সূচক কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ হ্রাস পেয়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২.৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৬.৫৪ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৬.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬.৭৬ পয়েন্টে। বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২.৮৩ পয়েন্ট হারিয়ে ২ হাজার ৮৭.৯১ পয়েন্টে নেমে এসেছে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট প্রায় ৪০৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪১০ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৭ কোটি ৭ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ১৪ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ৪২ লাখ টাকা। ফলে সিএসইতেও লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন সিএসইতে মোট ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টির দর বেড়েছে, ৯২টির দর কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, মঙ্গলবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.০৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৮৯.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সূচকটি ২২.৭৭ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে