×
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বাবার অভিযোগের পর ফেসবুকে তাশরীফের মন্তব্য

২০২৬ অক্টোবর ২৭ ১০:৫০:২১
বাবার অভিযোগের পর ফেসবুকে তাশরীফের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া এবং তাঁর খোঁজখবর না রাখার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে একটি ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন তাঁর বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাশরীফের একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দেওয়া ওই স্ট্যাটাসে তাশরীফ লেখেন, ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে।’ বাবার অভিযোগের পর তাঁর এই মন্তব্য সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে স্ট্যাটাসে তিনি সরাসরি বাবার অভিযোগের জবাব দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন, অসুস্থ অবস্থায় আর্থিক সহযোগিতা চেয়েও ছেলের কাছ থেকে তা পাননি। এমনকি ছেলে তাঁর নিয়মিত খোঁজখবরও রাখেন না।

হেদায়েতুল্লাহর অভিযোগ, ছেলের পরামর্শে তিনি মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দিয়েছিলেন। সে সময় প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পরে তিনি সেই অর্থ পাননি বলে দাবি করেন।

ছেলেকে লেখাপড়া শেখানো, হাফেজ ও মাওলানা হিসেবে গড়ে তোলা এবং শৈশবে অসুস্থতার সময় চিকিৎসা করানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, ইমামতির স্বল্প আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার খরচ জোগাতে মানুষের কাছ থেকে সাহায্য চাইতে হয়েছিল। ঢাকা, ময়মনসিংহ ও মির্জাপুরের বিভিন্ন হাসপাতালে ছেলের চিকিৎসা করিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

নিজের অসুস্থতার সময় ছেলের কাছে টাকা চেয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে হেদায়েতুল্লাহ বলেন, ছেলে তাঁকে টাকা না দিয়ে জমি কেনার কথা জানিয়েছিলেন। দীর্ঘদিন কষ্ট করে ছেলেকে লেখাপড়া করানো ও লালন-পালনের পরও প্রয়োজনের সময় সহযোগিতা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, সম্প্রতি টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ওই শিক্ষকের পক্ষে বক্তব্য দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন জুবায়ের আহমাদ তাশরীফ। এর মধ্যে বাবার অভিযোগ এবং তাঁর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাঁকে নিয়ে আলোচনা আরও বেড়েছে।

তবে বাবার তোলা অভিযোগগুলোর বিষয়ে তাশরীফের বিস্তারিত বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে