×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই

২০২৬ অক্টোবর ১৯ ১৫:১৮:২০
শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা দরপতনে বিরাজ করছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়েছেন বিনিয়োগকারীরা। বাজার ঘুরে দাঁড়াবে—এমন প্রত্যাশায় দরপতনের মধ্যেও কম দামে শেয়ার কিনে অনেকে এখন লোকসানের মুখে পড়েছেন। কারণ, বাজারের পরিস্থিতি এভাবে অবনতির দিকে যাবে, তা অনেকেই ধারণা করতে পারেননি। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরিবর্তে শেয়ারবাজার এখন আরও নিম্নমুখী অবস্থানে পৌঁছেছে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বর্তমান কমিশনের প্রতি বিনিয়োগকারীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তাদের মতে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার আগে শেয়ারবাজারে যে স্থিতিশীলতা ও ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হচ্ছিল, তা অব্যাহত থাকলে এখন সূচক ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে যেতে পারত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে বাজারে ইতিবাচক প্রবণতা ও স্থিতিশীলতা দেখা গিয়েছিল। বাজারকে আরও স্থিতিশীল করার প্রত্যাশায় আগের কমিশনের পরিবর্তন আনা হলেও বাস্তবে ঘটেছে উল্টোটা। বাজারে সুদিন ফেরার পরিবর্তে দীর্ঘস্থায়ী দুরবস্থা দেখা দিয়েছে।

বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই শেয়ারবাজারে সংস্কারের কথা বলে আসছে। এ লক্ষ্যে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব বাজারে দৃশ্যমান হয়নি। উল্টো দিন দিন পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারের উন্নয়নে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। তবে বর্তমানে বাজারে যে ধারাবাহিক দরপতন চলছে, তা নিয়ন্ত্রণে আনা সবচেয়ে জরুরি। অথচ এ বিষয়ে কমিশনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। সংস্কার কার্যক্রমের আগে দরপতন থামানোর দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন হলেও কমিশনের নীরবতা বিনিয়োগকারীদের হতাশ করছে।

এদিকে, আজ (১৯ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া,লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

ডিএসইতে সূচক ও লেনদেনের চিত্র

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫০.৬২ পয়েন্টে অবস্থান করছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১৭.৪২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ১০৩.৩৯ পয়েন্টে অবস্থান করছে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৭টির দর বেড়েছে, ১৩৬টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০২ কোটি ৬৩ লাখ টাকা। আগের কর্মদিবসে বাজারটিতে লেনদেন হয়েছিল প্রায় ৩৬৫ কোটি ৬১ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ১৩৭ কোটি ২ লাখ টাকা।

সিএসইতে লেনদেন বেড়েছে, সূচকও ঊর্ধ্বমুখী

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ১৭ লাখ টাকা। আগের কর্মদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ আগের দিনের তুলনায় বাজারটিতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৬৪টির দর কমেছে এবং বাকি ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.৮১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬০৩.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সূচকটি ৩৬.১৫ পয়েন্ট কমেছিল।

সূচক ও লেনদেনে ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও বাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কাটেনি। বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংস্কারের পাশাপাশি ধারাবাহিক দরপতন নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে