×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল

২০২৬ অক্টোবর ১৮ ১৯:০৫:৩৭
হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক ভারতীয় নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের পর তাঁকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, অঞ্জনা ভৌমিকের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকা অনুযায়ী, তাঁদের সবার জাতীয়তা ভারতীয়।

এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাতজন ছিলেন বলে জানা গেছে।

তবে মাঝ আকাশে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে অঞ্জনা ভৌমিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে