×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান

২০২৬ অক্টোবর ১৮ ১০:৫৪:৪৮
ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের জেন-জি আন্দোলনের মধ্যে বেশ কিছু মিল ও অমিল রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তাঁর মতে, দুই দেশেই তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাধারণ মানুষের সমর্থন এবং প্রচলিত রাজনৈতিক দলগুলোর আন্দোলনের বাইরে ভিন্নধর্মী প্রতিবাদী বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। তবে আন্দোলন দমনে সহিংসতা, বিচারব্যবস্থার ভূমিকা, সরকার পরিবর্তনের প্রক্রিয়া এবং সশস্ত্র বাহিনীর অবস্থানের ক্ষেত্রে দুই দেশের পরিস্থিতিতে পার্থক্য রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও ভারতের জেন-জি আন্দোলনের তুলনামূলক চিত্র তুলে ধরেন ফাওজুল কবির খান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের বর্ষা বিপ্লবের মতো ভারতেও তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন এবং সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন। দুই দেশের তরুণদের আন্দোলনই প্রচলিত রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থেকে আলাদা বৈশিষ্ট্য ধারণ করেছে। গান ও ক্ষমতাসীনদের নিয়ে তৈরি মেমে এসব আন্দোলনের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

ফাওজুল কবির খানের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মাধ্যমে চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। পাশাপাশি ইন্টারনেট ও গণপরিবহন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে আন্দোলন দুর্বল করার চেষ্টা এবং আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি তৈরির প্রবণতাকেও দুই দেশের আন্দোলনের মিল হিসেবে তুলে ধরেন তিনি।

আন্দোলন দমনের ধরন নিয়ে দুই দেশের মধ্যে পার্থক্য তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, ভারতে আন্দোলনকারীদের দমন করা হলেও বাংলাদেশের মতো তা প্রাণঘাতী নয় বলে তিনি মনে করেন। তাঁর পোস্টে তিনি আরও দাবি করেন, ভারতে কাউকে গুম বা হত্যা করা হচ্ছে না।

বিচারব্যবস্থার ভূমিকা নিয়েও দুই দেশের মধ্যে পার্থক্য দেখেছেন ফাওজুল কবির খান। তাঁর মতে, ভারতের বিচারব্যবস্থা কিছুটা হলেও সরকারের বাইরে স্বতন্ত্র অবস্থান বজায় রাখছে।

সরকার পরিবর্তনের প্রক্রিয়াকে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হিসেবে উল্লেখ করেন তিনি। ফাওজুল কবির খানের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে কোটা, পরীক্ষার ফলাফল ও নির্বাচন কমিশনের অনিয়মের মতো বিভিন্ন ইস্যুতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের দিকে গড়ায়। অন্যদিকে, ভারতের ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি নির্ধারিত হতে যাচ্ছে বলে তিনি মনে করেন।

এ ছাড়া ভারতের সশস্ত্র বাহিনী আন্দোলন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে বলেও নিজের পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে পাঠকদেরও বাংলাদেশ ও ভারতের জেন-জি আন্দোলনের মিল-অমিল নিয়ে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়েছেন ফাওজুল কবির খান।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে