×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে

২০২৬ অক্টোবর ০৭ ১৭:০৯:০৮
আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বাদীপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে এবং তারা জামিনে আপত্তি করছে না—আসামিপক্ষের এমন বক্তব্যের পরও বুধবার (৭ অক্টোবর) শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে গাজী নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান। শুনানিতে তিনি জানান, মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিপক্ষের সমঝোতা হয়েছে। বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানানো হয়।

এর আগে একই মামলায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন আবেদন করা হয়েছিল। ৩০ সেপ্টেম্বর আদালত মাকছুদা ইসলামকে জামিন দিলেও গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলার পর গাজী নজরুল ও মাকছুদাকে রিমান্ডে নেওয়া হয়। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর গাজী নজরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার অপর আসামি ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মরিয়মের পরিবারের পক্ষ থেকে গাজী নজরুল ও মাকছুদার জামিনে আপত্তি না থাকার কথা জানিয়ে আদালতে আপসনামা দেওয়া হয়েছিল। তবে সেই সমঝোতার পরও গাজী নজরুলের জামিন মঞ্জুর হয়নি।

মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশের তদন্তাধীন। আদালতের সাম্প্রতিক আদেশের ফলে গাজী নজরুল আপাতত কারাগারেই থাকছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে