×
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক

২০২৬ অক্টোবর ০২ ১৯:০৭:৫২
দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক

প্রতিবেদক: প্রাণ-আরএফএল গ্রুপের দুই ভাই-বোনের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই মেঘনা ও মিডল্যান্ড ব্যাংকে উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। এর আগে, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মেঘনা ব্যাংক নিয়ন্ত্রিত হতো সাবেক মন্ত্রী ও দলের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের দ্বারা। অন্যদিকে, মিডল্যান্ড ব্যাংকের নাটাই ছিল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রভাবশালী সদস্য কাজী জাফরউল্লাহর হাতে। সরকার পতনের পর নেতৃত্ব বদলে মেঘনার চেয়ারম্যান হন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং মিডল্যান্ডের শীর্ষ পদে বসেন একই গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে গত বছর মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হলে চেয়ারম্যান নির্বাচিত হন উজমা চৌধুরী। অথচ ২০১৩ সালে ব্যাংকটির যাত্রা শুরুর সময় তিনি এর অন্যতম উদ্যোক্তা ছিলেন। তবে প্রতিষ্ঠার পর থেকে পুরোটা সময় ব্যাংকটি আওয়ামী লীগ নেতা আশিকুর রহমানের একক আধিপত্যে পরিচালিত হয়ে আসছিল।

একইভাবে, ২০১৩ সালে মিডল্যান্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ছিলেন আহসান খান চৌধুরী। কিন্তু শুরু থেকেই এটি কাজী জাফর উল্লাহর প্রভাব বলয়ে ছিল এবং পরবর্তীতে তার স্ত্রী নিলুফার জাফরুল্লাহ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিলুফার বোর্ড সভায় গরহাজির হতে শুরু করেন। এমন প্রেক্ষাপটে গত বছরের ২০ মার্চ ১৬৫তম পর্ষদ সভায় আহসান খান চৌধুরীকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নতুন এই ব্যবস্থাপনায় দুই ব্যাংকের আর্থিক সূচকে অবনতি দেখা গেছে। প্রাপ্ত তথ্যমতে, ২০২৫ সালের ১৬ মার্চ উজমা চৌধুরী মেঘনা ব্যাংকের দায়িত্ব গ্রহণের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩.৭৮ শতাংশ। কিন্তু চলতি বছরের জুন মাস শেষে তা এক লাফে ৪৩৩ কোটি টাকায় পৌঁছেছে, যা বিতরণকৃত মোট ঋণের ৫.৬০ শতাংশ।

অন্যদিকে, মিডল্যান্ড ব্যাংকেও খেলাপি ঋণের একই চিত্র ফুটে উঠেছে। আহসান খান চৌধুরী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মোট ঋণের ৩.৭৮ শতাংশ বা ২৩৯ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে এই অংক বেড়ে ৪১২ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট ঋণের ৫.৬৭ শতাংশ।

দেশের ব্যাংকিং খাতে একই পরিবারের দুই ভাই-বোনের দুটি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান হওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ব্যাংক যখন পারিবারিকভাবে নিয়ন্ত্রিত হয়, তখন খেলাপি ঋণ বৃদ্ধির প্রবণতা বাড়ে; যার নেতিবাচক চিত্র এর আগেও বহুবার দেখা গেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে