×
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান

২০২৬ অক্টোবর ০২ ১৮:৪২:৫৪
ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের লাঞ্ছিত ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

এর আগে একই দিনে (২ অক্টোবর) বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাটির তদন্ত চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) যাত্রীরা অতিরিক্ত যাত্রীচাপের কারণে লাগেজ পেতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সে সময় পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে দায়িত্বরত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হলে মেজর (অব.) আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেওয়ার পাশাপাশি তৎকালীন বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করতে গেলে সিকিউরিটি সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাঁকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তা ছাড়া তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে থাকা জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমানের প্রতিনিধির প্রতি মারমুখী আচরণ করেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হওয়ার পর ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে