×
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দেশেই নির্মিত হবে ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ'

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৭:৫৩:৩৩
দেশেই নির্মিত হবে ভারতের ঐতিহাসিক 'বাবরি মসজিদ'

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে ঢাকার অদূরে কেরানীগঞ্জে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেরানীগঞ্জের কোলাতিয়ায় ‘জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া’র ক্যাম্পাসে নির্মাণাধীন এ মসজিদের নাম দেওয়া হয়েছে ‘বাবরি মসজিদ’।

উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, মসজিদটির স্থাপত্যে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদল অনুসরণ করা হবে। বিশেষ করে মূল স্থাপনার তিনটি গম্বুজের স্থাপত্যরীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নকশা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমান সময়ের প্রয়োজন বিবেচনায় আধুনিক স্থাপত্যশৈলী ও সুযোগ-সুবিধাও যুক্ত করার কথা রয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, বাবরি মসজিদের ইতিহাস ও স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের পরিকল্পনায় এটি কেবল একটি মসজিদ হিসেবে নয়, বরং ধর্মীয় শিক্ষা ও ঐতিহাসিক স্মৃতির সঙ্গে যুক্ত একটি বৃহৎ কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার কথা রয়েছে।

প্রায় ২০ বিঘা জমির ওপর মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। কমপ্লেক্সে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি কওমি মাদ্রাসা নির্মাণের উদ্যোগও রয়েছে। ফলে ধর্মীয় উপাসনার পাশাপাশি শিক্ষাকার্যক্রম পরিচালনার উপযোগী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

অযোধ্যার বাবরি মসজিদ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে দীর্ঘদিন ধরে আলোচিত একটি স্থাপনা। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদটি ধ্বংসের ঘটনা ঘটে, যা ভারতীয় রাজনীতি ও সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরবর্তী সময়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে রায় দেন এবং সেখানে রাম মন্দির নির্মাণের পথ খুলে যায়। একই রায়ে মসজিদ নির্মাণের জন্য অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

কেরানীগঞ্জে নির্মাণের উদ্যোগ নেওয়া মসজিদটি ঐতিহাসিক বাবরি মসজিদের স্থাপত্যরীতির অনুসরণ করায় এটি ইতোমধ্যে আলোচনায় এসেছে। উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্থাপত্যের মাধ্যমে স্মরণ ও সংরক্ষণ করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টদের পরিকল্পনা বাস্তবায়িত হলে কেরানীগঞ্জের এ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সটি ধর্মীয় স্থাপনার পাশাপাশি দক্ষিণ এশিয়ার ইতিহাস ও স্থাপত্যের একটি আলোচিত প্রতিরূপ হিসেবেও পরিচিতি পেতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে