×
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৭:৪৩:২৪
পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের আকাশসীমা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিকল্প পথে বিমান পরিচালনার জন্য চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে ভারত। এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাম মোহন নাইডু জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে। তবে আলোচনাটি শেষ পর্যন্ত কতটা এগোয়, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার দুই দিন পর ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। ছয় দিন পর ভারতও পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে দুই দেশের বাণিজ্যিক বিমানগুলোকে বিকল্প ও দীর্ঘতর পথে চলাচল করতে হচ্ছে।

পাকিস্তান সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা ২৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলায় ভারতীয় এয়ারলাইনগুলোর উড়োজাহাজ পরিচালনায় সময় ও জ্বালানি ব্যয় বেড়েছে।

এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে চীনের সিনকিয়াং অঞ্চলের হোটান এলাকার আকাশপথ ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে নয়াদিল্লি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ইউরোপগামী ভারতীয় বিমানগুলো তুলনামূলক কম সময়ের পথে চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের প্রকাশিত একটি মানচিত্রের তথ্য অনুযায়ী, দিল্লি থেকে ইস্তাম্বুল যেতে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বর্তমানে প্রায় ৭ ঘণ্টা ৪৭ মিনিট সময় লাগছে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের সুযোগ থাকলে এই সময় প্রায় ৬ ঘণ্টা ৭ মিনিটে নেমে আসতে পারত। হোটান হয়ে বিকল্প রুট চালু করা গেলে সময় ও পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে বলে আশা করছে ভারতীয় বিমান সংস্থাগুলো।

রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা যায়, এয়ার ইন্ডিয়া চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিল। সংস্থাটির হিসাব অনুযায়ী, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে বছরে তাদের প্রায় ৬০ কোটি ডলার অতিরিক্ত ক্ষতি হতে পারে। হোটান হয়ে বিকল্প রুট ব্যবহারের সুযোগ পাওয়া গেলে প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ পরিচালন ব্যয় কমানো সম্ভব হতে পারে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

বাড়তি পরিচালন ব্যয়ের প্রভাব ইতোমধ্যে কিছু আন্তর্জাতিক রুটে পড়েছে। নিউইয়র্ক ও ভ্যাঙ্কুভার থেকে দিল্লির ফ্লাইট কমানোর পাশাপাশি দিল্লি-ওয়াশিংটন রুটও বন্ধ করতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে হোটান হয়ে ভারতীয় বিমান চলাচলের প্রস্তাব বাস্তবায়নে বেশ কিছু জটিলতা রয়েছে। সম্ভাব্য রুট অনুযায়ী, ভারতীয় বিমানগুলোকে লাদাখের লেহ এলাকার কাছ দিয়ে চীনের আকাশসীমায় প্রবেশ করে হোটানের ওপর দিয়ে পশ্চিম দিকে যেতে হবে। এরপর মধ্য এশিয়ার দিকে প্রবেশ করতে হবে। এ অঞ্চলটি দুর্গম ও উচ্চ পার্বত্য এলাকার কাছাকাছি হওয়ায় জরুরি পরিস্থিতিতে বিমান অবতরণের সুযোগও সীমিত।

সিনকিয়াং চীনের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের সঙ্গে এই অঞ্চলের সীমান্ত রয়েছে। ফলে ভারতীয় বেসামরিক বিমানকে ওই এলাকার আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি চীনের জন্য কৌশলগত ও নিরাপত্তাগত দিক থেকেও গুরুত্বপূর্ণ।

তবে সাম্প্রতিক সময়ে ভারত-চীন সম্পর্কের কিছুটা উন্নতির প্রেক্ষাপটে নয়াদিল্লি প্রস্তাবটি নিয়ে আশাবাদী। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হলেও পরবর্তী সময়ে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ ধীরে ধীরে বাড়ছে।

এরই মধ্যে ভারতীয় বিমান সংস্থাগুলো চীনের বিভিন্ন শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছে। ইন্ডিগো কলকাতা-গুয়াংজু এবং পরে দিল্লি-গুয়াংজু রুটে ফ্লাইট চালু করেছে। এয়ার ইন্ডিয়াও কয়েক বছর পর দিল্লি-সাংহাই রুটে পুনরায় ফ্লাইট চালু করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে হোটান এলাকার আকাশপথ ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে নয়াদিল্লি। এ নিয়ে ভারত ও চীনের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ভারত-চীন সম্পর্কের সাম্প্রতিক উন্নতির কথা উল্লেখ করেছেন।

তবে চীনের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়া যাবে কি না, কিংবা অনুমতি পেলেও কোন শর্তে ভারতীয় বিমান ওই রুট ব্যবহার করতে পারবে—তা এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা সফল হলে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে তৈরি হওয়া দীর্ঘ রুট ও অতিরিক্ত পরিচালন ব্যয়ের একটি বিকল্প তৈরি হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে