×
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবারের বাড়িতে বড় চুরি, খোয়া গেল ৮০ ভরি সোনা

২০২৬ সেপ্টেম্বর ২৬ ২০:১২:৫৭
ইউটিউবারের বাড়িতে বড় চুরি, খোয়া গেল ৮০ ভরি সোনা

নিজস্ব প্রতিবেদক: ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় এক ইউটিউবারের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে প্রায় ৮০ ভরি সোনার গহনা চুরি হয়েছে। এসব গহনার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ভারতীয় রুপি।শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কন্যাকুমারী জেলার নাগেরকোইলের থাম্মাথু কোনামে বসবাস করেন ইউটিউবার মধুমিতা ও তার স্বামী বিনোদ কুমার। মধুমিতা জীবনযাপন, পরিবার, কেনাকাটা এবং সোনার গহনা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। তার পুরোনো কিছু ভিডিওতে পরিবারের সোনার গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী প্রদর্শন করতে দেখা যায়।

চুরির ঘটনার পর ওই ভিডিওগুলোর কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে। এ কারণে অনলাইনে প্রদর্শিত মূল্যবান সামগ্রীর সঙ্গে চুরির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে মধুমিতার ভিডিও দেখে চোরেরা বাড়িতে হামলা চালিয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য বা বক্তব্য এখনো পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মধুমিতা ও তার স্বামী বাড়ি থেকে বের হন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে তারা বাড়িতে ফিরে এসে সামনের দরজা খুলতে পারেননি। এতে তাদের সন্দেহ হয়।

পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে তারা একজন কাঠমিস্ত্রিকে ডেকে আনেন। পরীক্ষা করে দেখা যায়, সামনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তবে বাড়ির পেছনের একটি দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়।বাড়ির ভেতরে প্রবেশের পর একটি আলমারিতে রাখা সোনার গহনা পাওয়া যায়নি। এরপর বিষয়টি রাজাক্কামঙ্গলম থানায় জানানো হয়।

চুরির খবর পাওয়ার পর শুক্রবার সকালে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কন্যাকুমারীর পুলিশ সুপার আনশুল নাগরও ঘটনাস্থলে যান।

চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে ছয়টি বিশেষ দল কাজ করছে বলে জানা গেছে। পাশাপাশি আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামতও পরীক্ষা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

মধুমিতা তামিলনাড়ুর কোয়েম্বাটোরের একজন ইউটিউবার। তিনি নিয়মিত জীবনযাপন, পরিবার, কেনাকাটা ও সোনার গহনা নিয়ে ভিডিও প্রকাশ করেন। তার স্বামী বিনোদ কুমার ব্যবসার সঙ্গে যুক্ত।

প্রায় ১০ মাস আগে তারা নাগেরকোইলের থাম্মাথু কোনামে একটি বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করেন। মধুমিতার কয়েকটি পুরোনো ভিডিওতে পরিবারের সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী দেখানো হয়েছিল বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে, একটি ভিডিওতে পূজার ঘরে রাখা সোনার গহনাও দেখা গিয়েছিল।

চুরির খবর প্রকাশের পর ওই পুরোনো ভিডিওগুলো আবার ছড়িয়ে পড়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। কেউ কেউ অনলাইনে বাড়ির মূল্যবান সামগ্রী প্রকাশ্যে দেখানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে ভিডিও প্রকাশ এবং চুরির ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের আলামত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে চোরদের শনাক্তের চেষ্টা করছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে