×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ-বাংলা ব্যাংকের ২ চুক্তি স্বাক্ষর

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৮:৪৮:৩৭
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ-বাংলা ব্যাংকের ২ চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: আইসিটি খাতের উন্নয়ন এবং পরিবেশবান্ধব কারখানা ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণে উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। এসব চুক্তির আওতায় নির্দিষ্ট খাতের গ্রাহকরা পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে তুলনামূলক কম সুদে ঋণ নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় এ দুটি চুক্তি করা হয়েছে।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুননবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম’-এর মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণে উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ ধরনের অবকাঠামো পরিবেশদূষণ কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার গুরুত্ব বাড়ায় এবং রপ্তানিমুখী ক্রেতাদের আকৃষ্ট করতে সহায়তা করতে পারে।

এই স্কিমের আওতায় মোট ১ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল বরাদ্দ রয়েছে। একজন একক গ্রাহক সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ পাবেন। এ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ।

অন্যদিকে, ‘আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম’ তৈরি করা হয়েছে উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার পাওয়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাত এবং এর বিভিন্ন উপখাতের উদ্যোক্তাদের সহায়তা করার উদ্দেশ্যে।

এ স্কিমের আওতায় হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং আইসিটি খাতের নারী উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিমেও মোট ১ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান তহবিল বরাদ্দ রয়েছে। এ তহবিলের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে এসব ঋণ দেওয়া হবে। এর ফলে পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো তৈরি, প্রযুক্তিনির্ভর ব্যবসার সম্প্রসারণ এবং আইসিটি খাতে নতুন বিনিয়োগে অর্থায়নের সুযোগ বাড়তে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে